প্রকাশের তারিখঃ Jul 28, 2026 ইং
ফ্রান্সের নতুন প্রধান কোচ জিনেদিন জিদান
২০২১ সালে রিয়াল মাদ্রিদ ছাড়ার পর থেকে কোনো ক্লাব বা জাতীয় দলের দায়িত্ব নেননি ৫৪ বছর বয়সী এই কিংবদন্তি। তবে কোচ হিসেবে তাঁর অর্জন ইতোমধ্যেই ইতিহাসের অংশ। তাঁর নেতৃত্বে রিয়াল মাদ্রিদ টানা তিনবার (২০১৬, ২০১৭ ও ২০১৮) উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জিতে অনন্য এক রেকর্ড গড়েছিল, যা আধুনিক ফুটবলে এখনো অক্ষুণ্ন।
অন্যদিকে, দিদিয়ে দেশম ২০১২ সাল থেকে টানা এক যুগের বেশি সময় ফ্রান্সের দায়িত্ব পালন করেন। তাঁর অধীনেই ২০১৮ সালে বিশ্বকাপ জেতে ফ্রান্স। এছাড়া ২০২২ বিশ্বকাপের ফাইনালে পৌঁছালেও টাইব্রেকারে হেরে রানার্সআপ হয় দলটি। ২০১৬ ইউরো চ্যাম্পিয়নশিপেও ঘরের মাঠে ফাইনাল খেলেছিল ফরাসিরা। তবে ২০২৬ বিশ্বকাপের সেমিফাইনালে স্পেনের কাছে হারের পর দেশম দায়িত্ব ছাড়েন।
জিদানের এই নিয়োগের মাধ্যমে আরও এক বিশ্বকাপজয়ী সাবেক ফরাসি তারকা জাতীয় দলের কোচের দায়িত্ব পেলেন। এর আগে লরাঁ ব্লাঁ এবং দিদিয়ে দেশমও একই দায়িত্ব পালন করেছেন।খেলোয়াড় হিসেবে জিদানের নাম ফরাসি ফুটবলের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা। ১৯৯৮ বিশ্বকাপের ফাইনালে ব্রাজিলের বিপক্ষে জোড়া গোল করে
ফ্রান্সকে প্রথম বিশ্বকাপ জেতানোর নায়ক ছিলেন তিনি। এরপর ২০০০ ইউরো চ্যাম্পিয়নশিপেও দলের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। একই বছর জেতেন ব্যালন ডি'অর।
ফ্রান্সের জার্সিতে ১০৮ ম্যাচে ৩১ গোল করা এই কিংবদন্তির ২০০৬ বিশ্বকাপ ফাইনালে করা বিখ্যাত পানেঙ্কা পেনাল্টি এবং অতিরিক্ত সময়ে মার্কো মাতেরাজ্জিকে ঢুঁস মেরে লাল কার্ড দেখার ঘটনা আজও ফুটবল ইতিহাসের অন্যতম আলোচিত মুহূর্ত।
নতুন কোচ হিসেবে জিদানের প্রথম পরীক্ষা শুরু হবে চলতি বছরের সেপ্টেম্বরে। ২৫ সেপ্টেম্বর উয়েফা নেশন্স লিগে তুরস্কের বিপক্ষে মাঠে নামবে ফ্রান্স। এরপর ২৮ সেপ্টেম্বর প্রতিপক্ষ বেলজিয়াম এবং ২ অক্টোবর প্যারিসের স্তাদ দ্য ফ্রান্সে ইতালির মুখোমুখি হবে জিদানের শিষ্যরা।
Copyright © 2026 All rights reserved.