প্রকাশের তারিখঃ Jul 28, 2026 ইং
উজবেকিস্তানকে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ
পাকিস্তানের ইসলামাবাদে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে বাংলাদেশ। আক্রমণ, ব্লক ও ডিফেন্স—সব বিভাগেই প্রতিপক্ষের চেয়ে এগিয়ে ছিল লাল-সবুজের প্রতিনিধিরা।
প্রথম সেটে কিছুটা প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুললেও শেষ পর্যন্ত ২৫-২১ ব্যবধানে জয় পায় বাংলাদেশ। এরপর দ্বিতীয় সেটে আরও আত্মবিশ্বাসী হয়ে ওঠে দল। ধারাবাহিক আক্রমণে উজবেকিস্তানকে চাপে রেখে ২৫-২০ ব্যবধানে সেটটি নিজেদের করে নেয়
বাংলাদেশ।
ম্যাচে টিকে থাকতে তৃতীয় সেট জয়ের বিকল্প ছিল না উজবেকিস্তানের সামনে। কিন্তু সেই সুযোগও দেয়নি বাংলাদেশ। শুরু থেকেই নিয়ন্ত্রণ ধরে রেখে ২৫-১৯ ব্যবধানে তৃতীয় সেট জিতে ৩-০ ব্যবধানে ম্যাচ শেষ করে ফাইনালের টিকিট নিশ্চিত করে বাংলাদেশ।
এর আগে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে দুর্দান্ত প্রত্যাবর্তনের গল্প লিখেছিল বাংলাদেশ। আর এবার সেমিফাইনালে কোনো নাটক নয়, শুরু থেকে শেষ পর্যন্ত একচ্ছত্র আধিপত্য দেখিয়ে ফাইনালে পৌঁছেছে দল।
আগামী ২৯ জুলাই অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল। সেখানে বাংলাদেশের প্রতিপক্ষ হবে শ্রীলঙ্কা ও স্বাগতিক পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় সেমিফাইনালের বিজয়ী দল।
এবারের পারফরম্যান্সে শিরোপা জয়ের স্বপ্ন আরও উজ্জ্বল হয়ে উঠেছে বাংলাদেশের। ধারাবাহিক এই ছন্দ ধরে রাখতে পারলে আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভলিবল নতুন এক ইতিহাস গড়তে পারে বলে মনে করছেন ক্রীড়া বিশ্লেষকরা।
Copyright © 2026 All rights reserved.