প্রকাশের তারিখঃ Jul 29, 2026 ইং
এনসিপি ও বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে হবিগঞ্জে ১৪৪ ধারা জারি
বুধবার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জি এম সরফরাজ স্বাক্ষরিত এক আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।জেলা প্রশাসনের আদেশে বলা হয়েছে, একই দিন হবিগঞ্জ পৌর এলাকায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বিক্ষোভ সমাবেশ ও পথসভা কর্মসূচি ঘোষণা করেছে। অন্যদিকে, একই সময় ও একই স্থানে হবিগঞ্জ সদর উপজেলা বিএনপি, হবিগঞ্জ পৌর বিএনপি ও জেলা ছাত্রদল পাল্টা প্রতিবাদ সমাবেশ ও অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছে।
প্রশাসনের আশঙ্কা, উভয় কর্মসূচিতে বিপুলসংখ্যক নেতা-কর্মীর উপস্থিতি হতে পারে। এতে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়ে সংঘর্ষ, জানমালের ক্ষয়ক্ষতি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার আশঙ্কা রয়েছে।
এ পরিস্থিতিতে ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮-এর ১৪৪ ধারার ক্ষমতাবলে হবিগঞ্জ পৌর এলাকায় বিশেষ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
১৪৪ ধারায় যা নিষিদ্ধ
আদেশ অনুযায়ী, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হবিগঞ্জ পৌর এলাকায়—
পাঁচ বা ততোধিক ব্যক্তির সমাবেশ,
জনসভা,
মিছিল,
স্লোগান,
মাইকিং,
পিকেটিং,
বিকট শব্দ সৃষ্টি করতে পারে এমন যেকোনো কার্যক্রম,
এবং আইনশৃঙ্খলা বিঘ্নিত হতে পারে—এ ধরনের সব কর্মকাণ্ড নিষিদ্ধ থাকবে।
এর আগে মঙ্গলবার বিকেলে হবিগঞ্জে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি শেষে দলটির নেতাদের গাড়িবহরে হামলা এবং নেতা-কর্মীদের মারধরের ঘটনা ঘটে। এ হামলার জন্য বিএনপিকে দায়ী করেছে এনসিপি। পরে সন্ধ্যায় শহরে এনসিপির প্রতিবাদ মিছিলকে কেন্দ্র করে আরও এক দফা সংঘর্ষের ঘটনা ঘটে।এসব ঘটনার প্রতিবাদে বুধবার হবিগঞ্জসহ সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক দেয় এনসিপি। এর জবাবে হবিগঞ্জ বিএনপি ও ছাত্রদল পাল্টা প্রতিবাদ কর্মসূচির ঘোষণা দেয়।
জেলা প্রশাসক জি এম সরফরাজ বলেন,"জননিরাপত্তা নিশ্চিত করা এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতেই এই আদেশ জারি করা হয়েছে।"
প্রশাসনের পক্ষ থেকে সবাইকে আইন মেনে চলার এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।
Copyright © 2026 All rights reserved.