আত্মহননকারীরা হলেন, রাজশাহীর বাগমারা উপজেলার গনিপুর ইউনিয়নের মহব্বতপুর গ্রামের কাঞ্চন কুমার পালের মেয়ে কারিনা পাল (১৬) এবং চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের পুরাতন উনিশবিঘী গ্রামের তরিকুল ইসলামের মেয়ে হালিমা খাতুন তরিকা (১৬)। সোমবার (১০ আগস্ট) কারিনা গলায় ফাঁস দিয়ে এবং হালিমা বিষপানে আত্মহনন করেন বলে জানা গেছে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, কারিনা পাল চাঁন্দেরআড়া উচ্চবিদ্যালয় থেকে চলতি বছর বিজ্ঞান বিভাগে এসএসসি পরীক্ষায় অংশ নেয়। ফল প্রকাশের পর সে জানতে পারে, রসায়ন ও পদার্থবিজ্ঞান বিষয়ে তার ফলাফল খারাপ হয়েছে। এতে সে মানসিকভাবে ভেঙে পড়ে। একপর্যায়ে মায়ের সঙ্গে কথা বলে ঘরে প্রবেশ করে সিলিং ফ্যানের সঙ্গে মায়ের শাড়ি গলায় পেঁচিয়ে ফাঁস নেয়। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম গণমাধ্যমকে বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।”
অন্যদিকে, হালিমা খাতুন তরিকা চাকপাড়া আদর্শ বিদ্যালয়ের পরীক্ষার্থী ছিল। সোমবার এসএসসির ফল প্রকাশের পর সে জানতে পারে, সব বিষয়ে পাস করলেও ইংরেজিতে অকৃতকার্য হয়েছে। এতে হতাশ হয়ে একপর্যায়ে বিষপান করে সে আত্মহত্যার চেষ্টা করে। পরে পরিবারের সদস্যরা তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, এসএসসির ফলাফলে একটি বিষয়ে অকৃতকার্য হওয়ায় বিষপানে ওই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।