বৃহস্পতিবার (১৩ আগস্ট) নির্বাচন কমিশনে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র জমা দিয়ে এ নিয়ে কথা বলেন ঐক্যের সমন্বয়ক জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এস এম হামিদুর রহমান আযাদ।
তিনি বলেন, ‘আবার শুনতেছি বিএনপি সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্ট্যান্ডিং কমিটির মিটিংয়ে বসছেন। এখনও কাকে প্রার্থী দেবেন আমরা বা জাতি জানতে পারেনি। কারণ ওনাদের মধ্যে প্রার্থী বাছাইয়ের যে সংকট আমরা লক্ষ্য করছি।’
যোগ্য প্রার্থী দিতে না পারা বিএনপির ‘দৈন্যতা’ বলে মন্তব্য করেন এই জামায়াত নেতা। তিনি বলেন, ‘সে জায়গা থেকেও আমরা আশা করতে পারি যে কর্নেল অলি সাহেব যোগ্য। উনি সবার সামনে জাতির সামনে এসেছেন।’
সচিবালয়ে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকের সমালোচনা করেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল। তিনি বলেন, ‘আর একটা বিষয়ে আমরা প্রতিবাদও করতে চাই। সচিবালয় হলো একটা নির্বাহী জায়গা। এখানে রাজনৈতিক দলের শীর্ষ বৈঠক হবে, শীর্ষ ফোরামের বৈঠক হবে, এটা অতীতে রেকর্ড আমাদের জানা নাই। তো এই কাজটি ওনারা করছেন। তাহলে ওনারা গণতন্ত্রকে কিভাবে দেখেন? আমার দলের মতো হলে গণতন্ত্র, নাহলে আমি স্বৈরতন্ত্র। তিনি জানান, পাঁচ মাস বা ছয় মাসের কার্যক্রমে অতীত থেকে কোনো পরিবর্তন নাই, ওনাদের মহাসচিব বলে দিয়েছেন।