সৌদি আরবের তায়েফ থেকে জেদ্দা বিমানবন্দরে যাওয়ার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চালকসহ চার বাংলাদেশি নিহত হয়েছেন।
সোমবার স্থানীয় সময় দুপুর ২টার দিকে তায়েফের আল-খুরমা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্র ও প্রবাসীদের তথ্য অনুযায়ী, নিহত চারজনেরই বাড়ি সিলেটের কানাইঘাট উপজেলায়।
এখন পর্যন্ত নিহত দুজনের পরিচয় নিশ্চিত হয়েছে। তারা হলেন—করিম উদ্দিন ও খালিদ মিয়া। বাকি দুজনের পরিচয় এখনো জানা যায়নি।
জানা গেছে, বিমানবন্দরে যাওয়ার পথে হঠাৎ গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই চার বাংলাদেশির মৃত্যু হয়।
এ ঘটনায় সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের মরদেহ দ্রুত দেশে পাঠাতে আইনি প্রক্রিয়া সম্পন্নে কাজ করছে বাংলাদেশ দূতাবাস ও স্থানীয় কনস্যুলেট কর্মকর্তারা।