প্রকাশের তারিখঃ Sep 29, 2026 ইং
রাজউকের মোবাইল কোর্ট অভিযান: নকশাবহির্ভূত নির্মাণে উচ্ছেদ, দুই ভবন মালিককে ১০ লাখ টাকা জরিমানা
মঙ্গলবার সকাল ১০টা থেকে রাজধানীর রায়েরবাগ, দনিয়া, শনিরআখড়া, সূত্রাপুর, গেন্ডারিয়াসহ সংশ্লিষ্ট বিভিন্ন এলাকায় এ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ লিটন সরকার।
রাজউক সূত্রে জানা যায়, অভিযানের সময় নির্মাণাধীন ও নির্মিত মোট সাতটি ভবন পরিদর্শন করা হয়। পরিদর্শনে কয়েকটি ভবনের বিভিন্ন অংশে অনুমোদিত নকশা ও ডিজাইনের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ অতিরিক্ত নির্মাণ শনাক্ত করা হয়। পরে অনুমোদিত নকশার বাইরে নির্মিত অংশ অপসারণের নির্দেশ দেওয়া হয় এবং কয়েকটি ভবনে তাৎক্ষণিকভাবে অতিরিক্ত নির্মাণ অংশ ভেঙে ফেলার কার্যক্রম পরিচালনা করা হয়।
অভিযানে একটি ভবনে অনুমোদনের তুলনায় অতিরিক্ত তলা নির্মাণের বিষয়টি বিশেষভাবে নজরে আসে। রাজউকের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ভবনটির অনুমোদন ছিল ১০ তলা পর্যন্ত। তবে সেখানে ১৪ তলা পর্যন্ত নির্মাণ সম্পন্ন করা হয়েছে। অনুমোদনের অতিরিক্ত অংশ অপসারণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়।
এ ছাড়া অনুমোদিত নকশা ও নির্মাণসংক্রান্ত শর্ত লঙ্ঘনের দায়ে দুটি ভবনের মালিককে পাঁচ লাখ টাকা করে মোট ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে বলে অভিযানসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।অভিযানকালে সাতটি ভবন থেকে মোট ১০টি বিদ্যুৎ মিটার সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং মিটারগুলো জব্দ করা হয়।
রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ লিটন সরকার বলেন, ভবন নির্মাণের ক্ষেত্রে অনুমোদিত নকশা ও সংশ্লিষ্ট বিধিবিধান যথাযথভাবে মেনে চলতে হবে। তিনি গণমাধ্যমের মাধ্যমে নগরবাসীকে অনুমোদিত নকশা অনুযায়ী ভবন নির্মাণ এবং ফ্ল্যাট তৈরির ক্ষেত্রে আরও সতর্ক হওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, নিরাপদ নগর গড়ে তুলতে ভবন মালিক, নির্মাতা ও সংশ্লিষ্ট সবাইকে রাজউকের অনুমোদিত নকশা ও নিয়মকানুন মেনে চলতে হবে।
অভিযানে রাজউকের অথরাইজড অফিসার মোঃ ইলিয়াস, সহকারী অথরাইজড অফিসার মোঃ মেহেদী হাসান শাকিল, প্রধান ইমারত পরিদর্শক মোঃ জাহিদুল ইসলাম, ইমারত পরিদর্শক মোহাম্মদ রাফিউল ইসলাম ও সাহিদা আক্তারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অভিযানসংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, রাজধানীর বিভিন্ন এলাকায় অনুমোদিত নকশা অমান্য করে ভবন নির্মাণ, অতিরিক্ত তলা এবং অনুমোদনবহির্ভূত অংশ নির্মাণের প্রবণতা রোধে রাজউকের এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে।
তবে রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রিপন সরকার জনবল সংকটের বিষয়টিও তুলে ধরেন। তিনি জানান, রাজধানীর আয়তন ও ভবনের সংখ্যা বিবেচনায় বর্তমান জনবল দিয়ে নিয়মিতভাবে পর্যাপ্ত সংখ্যক মোবাইল কোর্ট পরিচালনা করা কঠিন। একজন ম্যাজিস্ট্রেটের পক্ষে মাসে চার থেকে পাঁচটির মতো মোবাইল কোর্ট পরিচালনার সুযোগ থাকায় পুরো নগরীর নকশাবহির্ভূত নির্মাণের বিরুদ্ধে একসঙ্গে ব্যবস্থা নেওয়া সম্ভব হয় না।
রাজউক কর্মকর্তারা বলছেন, ভবন নির্মাণের শুরু থেকেই অনুমোদিত নকশা ও সংশ্লিষ্ট বিধিবিধান মেনে চললে পরবর্তী সময়ে জরিমানা, উচ্ছেদ কিংবা নির্মিত অংশ অপসারণের মতো আইনগত জটিলতা এড়ানো সম্ভব। নকশাবহির্ভূত নির্মাণের বিরুদ্ধে রাজউকের অভিযান আগামী দিনগুলোতেও চলমান থাকবে।
Copyright © 2026 All rights reserved.