প্রকাশের তারিখঃ Sep 30, 2026 ইং
অবহেলিত উর্দুভাষীদের পুনর্বাসন ও মৌলিক অধিকার নিশ্চিতের দাবিতে লংমার্চের ঘোষণা
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা এ কর্মসূচির ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন এসপিজিআরসি বাংলাদেশের সভাপতি এম. শওকত আলী।
সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা দাবি করেন, স্বাধীনতার পর থেকে দেশের বিভিন্ন জেলায় অবস্থিত ক্যাম্পগুলোতে বসবাসরত উর্দুভাষী জনগোষ্ঠীর একটি বড় অংশ এখনো আবাসন, শিক্ষা, বিশুদ্ধ পানি, বিদ্যুৎ ও অন্যান্য মৌলিক সেবার ক্ষেত্রে নানা সমস্যার সম্মুখীন হচ্ছে। তারা বলেন, দীর্ঘদিন ধরে স্থায়ী পুনর্বাসন ও মানবিক সমস্যার সমাধানের জন্য বিভিন্ন সরকারের কাছে দাবি জানানো হলেও এখনো অনেক সমস্যা অমীমাংসিত রয়েছে।
সংগঠনের পক্ষ থেকে আরও বলা হয়, কিছু এলাকায় উচ্ছেদ, অবকাঠামোগত সংকট এবং শিক্ষাপ্রতিষ্ঠান রক্ষার বিষয় নিয়ে উর্দুভাষী জনগোষ্ঠীর মধ্যে উদ্বেগ রয়েছে। বিশেষ করে নারায়ণগঞ্জের কোম্পানী বাগান ও কুমুদিনী বাগান এলাকায় উচ্ছেদ হওয়া পরিবারগুলোর পুনর্বাসনের বিষয়টি দ্রুত সমাধানের দাবি জানানো হয়।
এসপিজিআরসির নেতারা বলেন, উর্দুভাষী জনগোষ্ঠীর অনেক সদস্য বাংলাদেশি নাগরিক হিসেবে স্বীকৃতি পাওয়ার পরও আবাসন ও জীবনমান উন্নয়নের ক্ষেত্রে কার্যকর উদ্যোগ প্রয়োজন। তাদের মতে, দেশের উন্নয়ন ও সামাজিক সম্প্রীতি বজায় রাখতে এই জনগোষ্ঠীর জন্য টেকসই পুনর্বাসন, শিক্ষা সম্প্রসারণ, কর্মসংস্থান সৃষ্টি এবং মানবিক অধিকার নিশ্চিত করা সময়ের দাবি।
সংবাদ সম্মেলনে আগামী ৫ অক্টোবর প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান উপলক্ষে জাতীয় প্রেসক্লাব থেকে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে লংমার্চ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। একইসঙ্গে দেশের বিভিন্ন জেলায় জেলা প্রশাসকদের কাছেও স্মারকলিপি প্রদান করা হবে বলে জানানো হয়।
এছাড়া, পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে সম্পাদিত চুক্তির বিষয় উল্লেখ করে ৩০ অক্টোবর পাকিস্তান দূতাবাস অভিমুখে আরেকটি লংমার্চ কর্মসূচির ঘোষণাও দেয় সংগঠনটি।সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, একটি জনগোষ্ঠীর মানবিক অধিকার, আবাসন নিরাপত্তা ও সামাজিক অন্তর্ভুক্তি নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্বের অংশ। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি উর্দুভাষী জনগোষ্ঠীর দীর্ঘদিনের সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও উর্দুভাষী সম্প্রদায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
Copyright © 2026 All rights reserved.