প্রকাশের তারিখঃ Oct 5, 2026 ইং
ঢাকা মহানগর উত্তর যুবদলের নতুন নেতৃত্বে নানা সমীকরণ, শীর্ষ পদে আলোচনায় যারা
গত ৩০ সেপ্টেম্বর ঢাকা মহানগর উত্তর যুবদলের কমিটি বিলুপ্ত করা হয়। এরপর থেকেই রাজধানীর রাজনৈতিক অঙ্গনে সংগঠনটির নতুন নেতৃত্ব নিয়ে আলোচনা শুরু হয়েছে। সম্ভাব্য কমিটিতে কারা গুরুত্বপূর্ণ দায়িত্ব পাচ্ছেন, তা নিয়ে চলছে নানা হিসাব-নিকাশ।
দলীয় সূত্রে জানা গেছে, বিগত সরকারবিরোধী আন্দোলন-সংগ্রামে যারা রাজপথে সক্রিয় ছিলেন, হামলা-মামলা ও বিভিন্ন ধরনের চাপের মধ্যেও সংগঠনের সঙ্গে ছিলেন এবং যাদের সাংগঠনিক দক্ষতা ও তৃণমূলের সঙ্গে যোগাযোগ রয়েছে। নতুন নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে তাদের অগ্রাধিকার দেওয়ার বিষয়টি বিবেচনায় রয়েছে। সদ্য বিলুপ্ত কমিটির নেতাদের পাশাপাশি ছাত্রদলের সাবেক নেতাদের নিয়েও আলোচনা চলছে।
সভাপতি পদে আলোচনায় রয়েছেন সদ্য বিলুপ্ত কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান রাজ, আইয়ুব আলী, তসলিম আহসান মাছুম, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম স্বপন এবং আদাবর থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক রফী উদ্দিন ফয়সালসহ কয়েকজন।
অন্যদিকে সাধারণ সম্পাদক পদে আলোচনায় রয়েছেন সাবেক যুগ্ম আহ্বায়ক আবুল হাসান টিটু, মোঃ শিমুল আহমেদ, তানভীর আহম্মেদ ইকরাম, আবু সালেহ চৌধুরী মানিক, সাবেক সদস্য ফরহাদ আলী সজীব, আরিফ হোসেন, ছাত্রদলের সাবেক নেতা মেহেদী হাসান রুয়েল, কামরুল ইসলাম, রফী উদ্দিন ফয়সালসহ বেশ কয়েকজন।
তবে সাধারণ সম্পাদক পদে জোরালো আলোচনায় রয়েছেন দীর্ঘদিনের পরীক্ষিত নেতা মোঃ শিমুল আহমেদ। দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদী যুবদলের রাজনীতির সঙ্গে যুক্ত শিমুল আহমেদ ঢাকা মহানগর উত্তর যুবদলের রাজনীতিতে সক্রিয় হিসেবে পরিচিত। নতুন কমিটি গঠনের প্রক্রিয়ায় তার নামও গুরুত্বের সঙ্গে আলোচিত হচ্ছে বলে দলীয় নেতাকর্মীদের একটি অংশ জানিয়েছে।
দলীয় নেতাকর্মীদের ভাষ্য, বিগত সরকারের সময়ে রাজনৈতিক কর্মসূচি ও আন্দোলন-সংগ্রামে সক্রিয় থাকার পাশাপাশি সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ ধরে রাখতে ভূমিকা রেখেছেন শিমুল আহমেদ। নানা প্রতিকূলতার মধ্যেও ঢাকা মহানগর উত্তর যুবদলের সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় থাকার কারণে সাধারণ সম্পাদক পদে তার নাম আলোচনায় এসেছে।
দলটির কেন্দ্রীয় পর্যায়ের নেতারা বলছেন, যারা দলের দুঃসময়ে সংগঠনের পাশে ছিলেন, আন্দোলন-সংগ্রামে সক্রিয় ছিলেন এবং যাদের বিরুদ্ধে চাঁদাবাজি বা বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ নেই। নতুন কমিটিতে তাদের মূল্যায়নের বিষয়টি গুরুত্ব পাবে।
তাদের মতে, আগামী দিনের রাজনৈতিক কর্মসূচিতে ঢাকা মহানগর উত্তর যুবদলের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সে কারণে সাংগঠনিকভাবে দক্ষ, তৃণমূলের কাছে গ্রহণযোগ্য এবং দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতাসম্পন্ন নেতাদের নেতৃত্বে আনার বিষয়টি বিবেচনা করা হচ্ছে।
এদিকে নতুন কমিটিতে কারা নেতৃত্বে আসছেন, তা নিয়ে নেতাকর্মীদের মধ্যে আগ্রহ বাড়ছে। কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্তের ওপরই এখন নির্ভর করছে ঢাকা মহানগর উত্তর যুবদলের পরবর্তী নেতৃত্বের চূড়ান্ত রূপরেখা।
Copyright © 2026 All rights reserved.