প্রকাশের তারিখঃ Oct 7, 2026 ইং
ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তির উদ্যোগে বন্দর রক্ষা কমিটি চট্টগ্রামের তীব্র ক্ষোভ ও নিন্দা
এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেছেন, দেশের গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ নিয়ে জনগণের মতামত উপেক্ষা করে একতরফা সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার এই উদ্যোগ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাত সরকারের নামে প্রচারিত আমন্ত্রণপত্রে সরকারি-বেসরকারি অংশীদারত্বের আওতায় নিউমুরিং কনটেইনার টার্মিনাল প্রকল্পের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান আয়োজনের কথা জানানো হয়েছে। অথচ জাতীয় স্বার্থের সঙ্গে সরাসরি সম্পর্কিত এই চুক্তির শর্ত, পরিচালনার অধিকার, আর্থিক দায় এবং শ্রমিকদের অধিকার সম্পর্কে জনগণকে স্পষ্টভাবে অবহিত না করে স্বাক্ষরের আয়োজন গভীর উদ্বেগের বিষয়। উন্নয়ন ও বিনিয়োগের কথা বলে জনমত উপেক্ষার এই প্রক্রিয়াকে গ্রহণযোগ্য করা যাবে না।
কমিটি স্পষ্টভাবে বলেছেন, গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার হলেও জনমত উপেক্ষা করে জাতীয় সম্পদ বিষয়ে একতরফা চুক্তি করার অধিকার তার নেই। চট্টগ্রাম বন্দর দেশের জনগণের সম্পদ। জনগণের কাছে জবাবদিহি এড়িয়ে এই বন্দরের ভবিষ্যৎ নির্ধারণের চেষ্টা গণতান্ত্রিক নীতির পরিপন্থী।
জনগণের আপত্তিকে অগ্রাহ্য করে চুক্তি চাপিয়ে দেওয়া হলে এ দেশের মানুষ তা মেনে নেবে না। ইতিহাসে এই চুক্তি ‘কালো চুক্তি’ হিসেবেই চিহ্নিত হবে।
বন্দর রক্ষা কমিটি চট্টগ্রাম অবিলম্বে চুক্তি স্বাক্ষরের প্রক্রিয়া বন্ধ, প্রস্তাবিত চুক্তির পূর্ণাঙ্গ শর্ত প্রকাশ এবং শ্রমিক, বন্দর ব্যবহারকারী, বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট জনগণের মতামত গ্রহণের দাবি জানিয়েছে। কমিটি বলেছে, জাতীয় স্বার্থ, বন্দরের ওপর রাষ্ট্রের কার্যকর নিয়ন্ত্রণ এবং শ্রমিকদের অধিকার নিশ্চিত করার প্রশ্নে কোনো আপস চলবে না।
বিবৃতিতে আরও বলা হয়, জনমত উপেক্ষা করে চুক্তি স্বাক্ষরের পথে এগোলে তার বিরুদ্ধে বৃহত্তর গণতান্ত্রিক আন্দোলন গড়ে তোলা হবে। এই সিদ্ধান্তের ফলে সৃষ্ট জনক্ষোভ ও আন্দোলনের দায় সরকারকেই বহন করতে হবে। বন্দর ও জাতীয় স্বার্থ রক্ষায় শ্রমিকসমাজসহ সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বন্দর রক্ষা কমিটি চট্টগ্রাম।
চট্টগ্রাম প্রতিনিধি
Copyright © 2026 All rights reserved.