ইরানের উপকূলে পণ্যবাহী জাহাজ ‘জিএফএস প্রাইড’ ডুবে যাওয়ার পর সাগরে ভেসে থাকা কনটেইনার থেকে পণ্য সংগ্রহে নেমেছেন শত শত জেলে। জাহাজটিতে থাকা আইফোন, ফরাসি সুগন্ধি ও অন্যান্য পণ্য সংগ্রহ করতে ছোট মাছ ধরার নৌকা ও উদ্ধারকারী নৌযান নিয়ে হরমুজ প্রণালিসংলগ্ন এলাকায় ছুটে যান তারা।
গত বুধবার (১৪ অক্টোবর) জাহাজটি ডুবে যাওয়ার পর ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে জেলেদের আংশিক ডুবে থাকা কনটেইনারের পাশ দিয়ে নৌকা চালাতে এবং পানির ভেতর থেকে বাক্স টেনে তুলতে দেখা যায়। একটি ছোট নৌকাকে আস্ত একটি কনটেইনার টেনে নেওয়ার চেষ্টাও করতে দেখা গেছে।
সিঙ্গাপুরের পতাকাবাহী জাহাজটিতে আগুন লাগার পর সেটি ডুবে যায় বলে জানিয়েছে দেশটি। জাহাজে থাকা ২১ জন নাবিককে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। এ ঘটনায় কেউ আহত হননি।
তবে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনীর দাবি, জাহাজটি ‘অনুমোদনহীন ও বিপজ্জনক’ পথে চলার সময় সমুদ্রের মাইনে আঘাত করলে আগুন ধরে যায়। ডুবে যাওয়ার সময় জাহাজটিতে আড়াই হাজারের বেশি কনটেইনার ছিল।
হরমুজ প্রণালি ও আশপাশের এলাকায় বাণিজ্যিক জাহাজে হামলার মধ্যে এ ঘটনা ঘটল। যুদ্ধ শুরুর পর ২৪ ঘণ্টার মধ্যে ডুবে যাওয়া দ্বিতীয় জাহাজ এটি। আর যুদ্ধ শুরুর পর থেকে এটি তৃতীয় ডুবন্ত জাহাজ। এর আগে গত ২৩ সেপ্টেম্বর হামলায় ডুবে যায় অ্যান্টিগুয়া ও বারবুডার পতাকাবাহী জাহাজ ‘কেপ দাও’।
এদিকে, আইআরজিসির নৌবাহিনী ওই এলাকা থেকে জাহাজগুলোকে দূরে থাকার সতর্কতা দিয়েছে। ভেসে থাকা কনটেইনারের আশপাশে চলাচলের ক্ষেত্রেও স্থানীয় জেলেদের সতর্ক থাকতে বলা হয়েছে।
তথ্যসূত্র: এনডিটিভি