প্রকাশের তারিখঃ Oct 13, 2026 ইং
সারা দেশে দুইদিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা
গতকাল দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি মো. সেলিম খান এ ঘোষণা দেন। দুই দিনের কর্মসূচির পরও দাবি পূরণ না হলে সারা দেশে অনির্দিষ্টকালের জন্য এলপিজি বিক্রি বন্ধ রাখা হবে এমন আলটিমেটাম দিয়েছে সংগঠনের নেতারা। অনুষ্ঠানে মো. সেলিম খান বলেন, আগামী ১৫ ও ১৬ তারিখ দুই দিন সারা দেশে আমাদের গ্যাসের সব দোকান বন্ধ ঘোষণা করা হলো। এই দুই দিনের মধ্যে সমস্যার সমাধান না হলে পরে সারা দেশে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হবে বলে হুঁশিয়ারি দেন। তিনি বলেন, পাঁচ বছর আগে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) পরিবেশকদের জন্য সিলিন্ডারপ্রতি ৫০ টাকা কমিশন নির্ধারণ করেছিল। কিন্তু এর মধ্যে জ্বালানি তেলের দাম, পরিবহন খরচ, সিলিন্ডার উঠানো-নামানোর ব্যয়, গুদামভাড়া ও লাইসেন্স ফি বেড়েছে। এসব কারণে কমিশন ৫০ থেকে বাড়িয়ে ১৫০ টাকা অথবা বিক্রয়মূল্যের ৭ শতাংশ নির্ধারণের দাবি জানিয়েছে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি। এলপিজির সরবরাহ সংকট নিয়ে সেলিম খান বলেন, এলপিজি পরিবহনে নিরাপত্তার জন্য পিকআপ ও ট্রাকে রেলিং রাখা প্রয়োজন। রেলিং না থাকলে কোম্পানিগুলো সিলিন্ডার সরবরাহ করে না। কিন্তু গাড়িতে রেলিং থাকার কারণে ট্রাফিক পুলিশ মামলা দিচ্ছে বলে তিনি অভিযোগ করেন। এ সমস্যা সমাধানে সরকারের বিভিন্ন দপ্তরে চিঠি দিয়েও কোনো ফল পাওয়া যায়নি বলে অভিযোগ করেন তিনি। সংবাদ সম্মেলনে এলপিজি ব্যবসায়ীরা সিলিন্ডারপ্রতি ১৫০ টাকা বা বিক্রয়মূল্যের ৭ শতাংশ নির্ধারণ, দীর্ঘদিন ধরে গ্যাস সরবরাহে অক্ষম কোম্পানির সিলিন্ডার সরকারিভাবে বা সংশ্লিষ্ট কোম্পানির মাধ্যমে পুনরায় গ্যাস ভরার ব্যবস্থা করা এবং কোম্পানির চালানে প্রকৃত দাম লেখাসহ সাতটি দাবি জানানো হয়।
Copyright © 2026 All rights reserved.