প্রকাশের তারিখঃ Oct 20, 2026 ইং
মাদকবিরোধী আন্দোলনে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে আবেদন
আবেদনে আনোয়ার হোসেন উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে পাহাড়তলী এলাকায় মাদকবিরোধী জনসচেতনতামূলক কার্যক্রম, প্রচার-প্রচারণা ও শান্তিপূর্ণ সামাজিক আন্দোলন চালিয়ে আসছেন তিনি। যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করার লক্ষ্যে এসব কার্যক্রম পরিচালনা করতে গিয়ে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে, এমন কয়েকজনের বিরোধিতা ও হুমকির মুখে পড়েছেন বলে দাবি করেন তিনি।
আবেদনে আরও বলা হয়, অতীতে কয়েকবার তাঁর ওপর প্রাণঘাতী হামলার ঘটনা ঘটেছে। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে পাহাড়তলী থানায় একটি মামলা দায়ের করেছেন তিনি, যা বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে। এরপরও মাদকবিরোধী সামাজিক কার্যক্রম অব্যাহত রাখায় পুনরায় হামলার আশঙ্কা করছেন বলে আবেদনে উল্লেখ করেন আনোয়ার হোসেন।
তিনি জানান, গত ১৬ অক্টোবর ২০২৬ তারিখে নিজের নিরাপত্তার বিষয়ে পাহাড়তলী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডি নম্বর ৮৭৬। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সিএমপি কমিশনারের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।
আবেদনে আনোয়ার হোসেন তাঁর ও পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করা, আগের হামলার ঘটনায় দায়ের করা বিচারাধীন মামলার আইনগত প্রক্রিয়া যথাযথভাবে এগিয়ে নেওয়া এবং পাহাড়তলী এলাকায় মাদক ব্যবসার অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্তের দাবি জানান। পাশাপাশি পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তাঁর নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়ার অনুরোধ করেন।
আনোয়ার হোসেন আবেদনে বলেন, ব্যক্তিগত প্রতিহিংসা নয়; বরং নিজের জীবনের নিরাপত্তা, আইনের শাসন প্রতিষ্ঠা এবং সমাজকে মাদকের অভিশাপ থেকে রক্ষার স্বার্থেই তিনি প্রশাসনের সহযোগিতা চেয়েছেন।
তিনি আশা প্রকাশ করেন, সিএমপি কমিশনারের নির্দেশনায় সংশ্লিষ্ট প্রশাসন দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে এবং তাঁর পরিবারসহ নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
Copyright © 2026 All rights reserved.