প্রকাশের তারিখঃ Nov 4, 2026 ইং
আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে
অভিযোগ সূত্রে জানা যায়, ২০২৪ সালের ২০ জুন রাজশাহী জেলা আওয়ামী যুবলীগের সম্মেলনের মাধ্যমে মাহমুদ হাসান সজলকে সভাপতি এবং ইয়াছির আরাফাত সৈকতকে সাধারণ সম্পাদক করে ১৯ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা করা হয়। তবে দীর্ঘ সময় অতিবাহিত হলেও পূর্ণাঙ্গ কমিটি গঠনে কার্যকর অগ্রগতি না হওয়ায় নেতাকর্মীদের মধ্যে হতাশা ও ক্ষোভ তৈরি হয়েছে।
অভিযোগকারীদের দাবি, গত ৮ অক্টোবর ২০২৬ তারিখে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুঠিয়া-দুর্গাপুর সংসদীয় আসনকেন্দ্রিক একটি ভার্চুয়াল সভায় রাজশাহী জেলার বিভিন্ন পর্যায়ের কমিটি গঠনের বিষয়ে নির্দেশনা দেন। এরপর জেলা যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে বিভিন্ন উপজেলার নেতাকর্মীদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ শুরু করেন বলে অভিযোগ উঠেছে।
এ প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ পদে অন্তর্ভুক্তির আশ্বাস দিয়ে আর্থিক সুবিধা নেওয়ার অভিযোগ করেছেন কয়েকজন নেতাকর্মী। নাম প্রকাশে অনিচ্ছুক গোদাগাড়ী পৌর যুবলীগের এক নেতা অভিযোগ করেন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইয়াছির আরাফাত সৈকত তাঁকে পৌর কমিটির সহসভাপতি পদ দেওয়ার আশ্বাস দিয়ে ৫০ হাজার টাকা দাবি করেছেন।
একইভাবে নাম প্রকাশে অনিচ্ছুক পুঠিয়া পৌর যুবলীগের এক কর্মীর অভিযোগ, তাঁকে পৌর যুবলীগের সাধারণ সম্পাদক পদ দেওয়ার আশ্বাস দিয়ে এক লাখ টাকা দাবি করা হয়েছে।
এ ছাড়া জেলা যুবলীগের কমিটিতে অন্তর্ভুক্তির আশ্বাসে সাবেক ছাত্রলীগ নেতাকর্মীদের কাছ থেকেও পাঁচ থেকে দশ হাজার টাকা করে নেওয়ার অভিযোগ উঠেছে। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট নেতাদের বক্তব্য পাওয়া যায়নি।
অভিযোগকারীদের ভাষ্য, পদ বাণিজ্যের এমন কর্মকাণ্ড সংগঠনের তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের মধ্যে বিভেদ ও অসন্তোষ সৃষ্টি করছে। তাদের মতে, সাংগঠনিক পদকে কেন্দ্র করে আর্থিক লেনদেনের অভিযোগ যুবলীগের সাংগঠনিক ঐক্য ও নেতৃত্বের প্রতি আস্থাকে ক্ষতিগ্রস্ত করতে পারে।
রাজশাহী জেলা যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন নিয়ে চলমান এ বিতর্কের মধ্যে অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত এবং সাংগঠনিক স্বচ্ছতা নিশ্চিত করার দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট নেতাকর্মীরা।
নিজস্ব প্রতিবেদক
Copyright © 2026 All rights reserved.