এমন একটা প্রবাদ প্রচলিত আছে— “লিটন দাসের ব্যাট হাসলে, হাসে বাংলাদেশ।”
এশিয়া কাপে এবার সেই লিটনই নেতৃত্ব দিচ্ছেন টাইগারদের। টুর্নামেন্ট শুরুর পর জয় দিয়ে যাত্রা করলেও পরের ম্যাচে হারের ধাক্কা দলকে কিছুটা চাপে ফেলেছে। তবে আজ ব্যক্তিগতভাবে লিটনের সামনে রয়েছে এক ঐতিহাসিক মাইলফলক ছোঁয়ার সুযোগ।
আজ রাত সাড়ে ৮টায় আফগানিস্তানের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। সেখানে লিটন যদি ন্যূনতম ২৮ রান করতে পারেন, তবে তিনি বাংলাদেশের টি-টোয়েন্টি ইতিহাসে সর্বোচ্চ রানসংগ্রাহক হয়ে যাবেন। ছাড়িয়ে যাবেন বর্তমান রেকর্ডধারী সাকিব আল হাসানকে।
বর্তমানে লিটনের সংগ্রহ ২,৫২৪ রান। অন্যদিকে সাকিব আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে বিদায় নেওয়ার আগে করেছেন ২,৫৫১ রান। অর্থাৎ মাত্র ২৭ রানের ব্যবধানেই সাকিবকে পেছনে ফেলতে পারবেন টাইগার অধিনায়ক।
এর আগে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে হংকংয়ের বিপক্ষে ৫৯ রানের ইনিংস খেলে লিটন মাহমুদউল্লাহকে ছাড়িয়ে যান দ্বিতীয় স্থানে। সেই ম্যাচ শেষে তার রান দাঁড়ায় ২,৪৯৬। তখন মাহমুদউল্লাহর সংগ্রহ ছিল ২,৪৪৪ রান। বর্তমানে তালিকার চতুর্থ ও পঞ্চম স্থানে আছেন তামিম ইকবাল ও মুশফিকুর রহিম— তবে দুজনেরই রান দুই হাজারের নিচে।
সব মিলিয়ে, আফগানিস্তানের বিপক্ষে আজকের ম্যাচেই সুযোগ রয়েছে লিটনের নাম লেখানোর— বাংলাদেশের টি-টোয়েন্টি ইতিহাসের শীর্ষ রানসংগ্রাহক হিসেবে।