প্রকাশের তারিখঃ Sep 17, 2025 ইং
লাইনচ্যুত পদ্মরাগ ট্রেনের পাঁচ বগি উদ্ধার
রংপুরের পীরগাছা স্টেশন এলাকায় যাত্রীবাহী পদ্মরাগ ট্রেনের পাঁচটি বগি লাইনচ্যুত হওয়ার দীর্ঘ ১১ ঘণ্টা উদ্ধার করা হয়েছে।
পরে দীর্ঘ ১১ ঘণ্টার প্রচেষ্টায় দুটি রিলিফ ট্রেনের সহায়তায় রাত সাড়ে ১১টার দিকে বগি উদ্ধার কাজ শেষ হয়।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৪০ মিনিটে ট্রেনটি লাইনচ্যুত হয়। ট্রেনটি উদ্ধারে লালমনিরহাট থেকে একটি ও পার্বতীপুর থেকে অপর একটি রিলিফ ট্রেনের মাধ্যমে দীর্ঘ ১১ ঘণ্টার প্রচেষ্টায় দুটি রিলিফ ট্রেনের সহায়তায় রাত সাড়ে ১১টার দিকে বগি উদ্ধার কাজ শেষ হয়।
বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হওয়ার কথা জানান উদ্ধার কাজে নিয়োজিত রেলওয়ে কর্মীরা।
রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, সান্তাহার থেকে লালমনিরহাটের উদ্দেশে ছেড়ে আসা ট্রেন ‘পদ্মরাগ’ দুপুর সাড়ে ১২টার দিকে রংপুরের পীরগাছা রেলওয়ে স্টেশনে পৌঁছায়। এ সময় পঞ্চগড় থেকে সান্তাহারগামী ‘দোলনচাঁপা এক্সপ্রেস’ একই স্টেশনে আসায় ‘পদ্মরাগ’ ট্রেনটি দুই নম্বর লাইনে অবস্থান করে। পরে দোলনচাঁপা পীরগাছা ছেড়ে গেলে লালমনিরহাটের উদ্দেশে যাত্রা শুরু করে ‘পদ্মরাগ’ ট্রেনটি। এ সময় এক নম্বর লাইনে থেকে দুই নম্বর লাইনে ক্রসিংয়ের সময় হঠাৎ ‘পদ্মরাগ’ ট্রেনের ৫টি বগি লাইনচ্যুত হয়। এতে বড় ধরনের দুর্ঘটনা না ঘটলেও লাইন ও সিগন্যালের ক্ষতি হয়েছে।
রেল লাইনের কাঠের স্লিপার পচে যাওয়া, পাথর না থাকা এবং দীর্ঘদিন মেরামত না হওয়াকেই দুষছেন যাত্রীরা। অনেক যাত্রী অভিযোগ করেছেন, তাদের মালামাল খোয়া গেছে। ট্রেনটিতে দুর্ঘটনার অন্তত পাঁচ শতাধিকের বেশি যাত্রী ছিলেন। দুর্ঘটনার পরপরই বগি থেকে আতঙ্কিত মানুষ নামতে শুরু করেন। ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকে অনেকেই বিকল্প যানবাহনে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করেন।
এদিকে লালমনিরহাট রেলওয়ের বিভাগীয় পরিবহন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটি দুর্ঘটনার মূল কারণ উদ্ঘাটনে কাজ করছে।
Copyright © 2026 All rights reserved.