প্রকাশের তারিখঃ Sep 18, 2025 ইং
গাজায় ক্ষুধা-অপুষ্টিতে দুই বছরে ৪৩২ জনের মৃত্যু
ফিলিস্তিনের গাজায় ২০২৩ সালের অক্টোবর থেকে অভিযান শুরু করে দখলদার ইসরায়েল বাহিনী। তাদের ধারাবাহিক হামলা ও নির্যাতনে এখন পর্যন্ত মৃত্যুর সংখ্যা ৬৫ হাজার ছাড়িয়েছে। নিহতদের মধ্যে ক্ষুধা ও অপুষ্টিজনিত কারণে মৃত্যু হয়েছে ৪৩২ জনের; তাদের মধ্যে ১৪৬ জনই শিশু।
বুধবার (১৭ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।
বিবৃতিতে বলা হয়েছে, মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার সন্ধ্যা পর্যন্ত গাজার হাসপাতালগুলোতে ৯৮ জনের মরদেহ এবং ৩৮৫ জনকে আহত অবস্থায় আনা হয়েছে। আহত ও নিহতের প্রকৃত সংখ্যা আরও বেশি। কারণ তাদের অনেকেই ধ্বংসস্তূপের তলায় আটকা পড়েছেন এবং প্রয়োজনীয় সরঞ্জাম ও লোকবলের অভাবে তাদেরকে উদ্ধার করা সম্ভব হয়নি।’
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানায়, বুধবারের পর ইসরাইলি বাহিনীর অভিযানে গাজায় মোট নিহতের সংখ্যা পৌঁছেছে ৬৫ হাজার ৬২ জনে। এদের পাশাপাশি আহত হয়েছেন আরও ১ লাখ ৬৫ হাজার ৬৯৭ জন ফিলিস্তিনি।
এদিকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, গত প্রায় দু’বছরে গাজায় ক্ষুধা ও অপুষ্টিজনিত কারণে মৃত্যু হয়েছে ৪৩২ জনের; তাদের মধ্যে ১৪৬ জনই শিশু।
গত মে মাসের শেষ দিক থেকে খাদ্য ও ত্রাণসামগ্রী সংগ্রহ করতে যাওয়া ফিলিস্তিনিদের ওপরও হামলা চালাচ্ছে ইসরাইলি বাহিনী। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২৭ মে প্রথম গাজায় ত্রাণ সংগ্রহ করতে যাওয়া ফিলিস্তিনিদের ওপর গুলি চালায় ইসরাইলি সেনারা এবং তারপর থেকে নিয়মিতই এটি ঘটছে।
বুধবারও খাদ্য ও ত্রাণ সংগ্রহ করতে যাওয়া ফিলিস্তিনিদের লক্ষ্য করে গুলি চালিয়েছে ইসরাইলি সেনারা। এতে নিহত হয়েছেন ৭ জন এবং আহত হয়েছেন ৮৭ জন। এর ফলে ত্রাণ সংগ্রহ করতে গিয়ে নিহত ও আহত ফিলিস্তিনিদের মোট সংখ্যা পৌঁছেছে যথাক্রমে ২ হাজার ৫০৪ জন এবং ১৮ হাজার ৩৪৮ জন।
এছাড়া গত ২ মার্চ থেকে গাজায় খাদ্য ও ত্রাণের সরবরাহ সীমিত করেছে ইসরাইলি বাহিনী। ফলে খাদ্যাভাব ও অপুষ্টি তীব্র হয়ে উঠেছে সেখানে। বুধবার খাদ্য ও অপুষ্টিজনিত কারণে ৪ জনের মৃত্যু হয়েছে গাজায়।
রাজধানী/এমবি
Copyright © 2026 All rights reserved.