আসন্ন দুর্গাপূজাকে ঘিরে পার্শ্ববর্তী দেশ মিথ্যা প্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা ও লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। তিনি বলেন, পূজার আনুষ্ঠানিকতা এখনও শুরু না হলেও দেশজুড়ে প্রতিটি মণ্ডপে প্রস্তুতির কাজ চলছে। এর মধ্যেই পার্শ্ববর্তী দেশ বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে, যা নিয়ে সজাগ থাকার আহ্বান জানান তিনি।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর উত্তরায় র্যাব সদর দপ্তরে একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে দেশের সার্বিক পরিস্থিতি ও র্যাবের কর্মকাণ্ড নিয়ে আলোচনা হয়।
তিনি আরও বলেন, গতকাল পঞ্চগড়ে একটি বিচ্ছিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে মিথ্যা খবর ছড়ানো হচ্ছে। এসব অপপ্রচারের বিপরীতে সাংবাদিকদের সত্য সংবাদ প্রচারের আহ্বান জানান তিনি। একই সঙ্গে পূজা উদযাপন কমিটিকেও সতর্ক থাকার পরামর্শ দেন।
জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, দেশে বর্তমানে ৩৩ হাজারের বেশি পূজামণ্ডপ রয়েছে। কোনো কোনো স্থানে বিচ্ছিন্ন ছোটখাটো ঘটনা ঘটতে পারে, তবে সরকার প্রতিটি মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে। দ্রুত আনসার সদস্যদের নিয়োগ দেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি।
র্যাবের কার্যক্রম নিয়ে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, ৫ আগস্টের আগের র্যাব আর এখনকার র্যাব এক নয়। বর্তমানে তাদের কার্যক্রম প্রশংসনীয়। মাদক ও অস্ত্র উদ্ধারসহ নানা অপরাধ নিয়ন্ত্রণে তারা খুব ভালো কাজ করছে।
অবসরপ্রাপ্তদের পুনরায় নিয়োগ প্রসঙ্গে তিনি আরও বলেন, বিগত সরকারগুলোর সময়ও অবসরপ্রাপ্তদের নিয়োগের নিয়ম ছিল, এখনও তা অনুযায়ীই হচ্ছে।