প্রকাশের তারিখঃ Sep 27, 2025 ইং
নিষিদ্ধ ছাত্রলীগ-আ.লীগের অর্ধশতাধিক নেতাকর্মী গ্রেপ্তার
রাজধানীতে নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগ এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বড় জমায়েত ও ঝটিকা মিছিলের আশঙ্কায় সাঁড়াশি অভিযান পরিচালনা করছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাত থেকে শুরু হয়ে বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুর পর্যন্ত চলমান এই অভিযানে অর্ধশতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
ডিএমপির গোয়েন্দা পুলিশ (ডিবি) পান্থপথে পানি ভবনের সামনে থেকে ককটেল উদ্ধার করেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টায় রাজধানীর ফার্মগেট, পানি ভবন ও তেজগাঁও এলাকায় ঝটিকা মিছিল করছিল নিষিদ্ধ রাজনৈতিক সংগঠনের কর্মীরা। এসব এলাকায় ডিএমপির বিভিন্ন টিম তৎপর রয়েছে বলে জানিয়েছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
তিনি আরও জানান, তেজগাঁও এলাকায় মিছিলের চেষ্টার সময় ককটেলসহ অনেক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। ডিবি পুলিশের একটি অভিযানে এক স্থান থেকে ২৫ জনকে গ্রেপ্তারের বিষয়টিও নিশ্চিত করেছে গোয়েন্দা সূত্র।
এ বিষয়ে আজ (বুধবার) বিকেল ৫টায় ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানাবেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম। ডিএমপির সর্বশেষ তথ্য অনুযায়ী, সাঁড়াশি অভিযান এখনো চলমান এবং গ্রেপ্তারের সংখ্যা আরও বাড়তে পারে।
Copyright © 2026 All rights reserved.