প্রকাশের তারিখঃ Oct 4, 2025 ইং
হামাস প্রস্তাবে রাজি হওয়ায় গাজায় হামলা থামাতে বললেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রের শান্তি পরিকল্পনা প্রস্তাবে হামাসের আংশিক সম্মতির সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি আশাবাদ ব্যক্ত করেছেন যে, ফিলিস্তিনের স্বাধীনতাকামী এই সংগঠনটি স্থায়ী শান্তির পথে অগ্রসর হতে প্রস্তুত।
শুক্রবার ট্রাম্প হামাসকে তাঁর প্রস্তাব গ্রহণের জন্য সময়সীমা বেঁধে দেন। তিনি সতর্ক করে বলেন, রোববার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সন্ধ্যা ৬টার মধ্যে প্রস্তাব মেনে নিতে হবে, নতুবা হামাসকে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে। তাঁর এই সময়সীমা ঘোষণার কয়েক ঘণ্টা পর হামাস এক বিবৃতিতে জানায়, তারা জীবিত ও মৃত সব জিম্মিকে মুক্তি দিতে রাজি এবং প্রস্তাবের কয়েকটি গুরুত্বপূর্ণ শর্ত নিয়ে আরও আলোচনার ইচ্ছা প্রকাশ করে।
হামাসের ঘোষণার পর ট্রাম্প তাঁর সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে লেখেন, “হামাসের সদ্য প্রকাশিত বিবৃতির ভিত্তিতে আমি বিশ্বাস করি, তারা স্থায়ী শান্তির জন্য প্রস্তুত। ইসরায়েলকে অবিলম্বে গাজায় বোমাবর্ষণ বন্ধ করতে হবে, যাতে আমরা জিম্মিদের নিরাপদে এবং দ্রুত মুক্ত করতে পারি।” তিনি আরও উল্লেখ করেন, চলমান হামলা ও সংঘাতের মধ্যে জিম্মিদের মুক্ত করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ।
গত সোমবার হোয়াইট হাউস থেকে ঘোষিত ২০ দফাবিশিষ্ট পরিকল্পনায় গাজায় তাৎক্ষণিক যুদ্ধবিরতির আহ্বান জানানো হয়। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পরিকল্পনাটিতে সম্মতি জানান। প্রস্তাব অনুযায়ী, যুদ্ধ বন্ধের ৭২ ঘণ্টার মধ্যে ২০ জন জীবিত জিম্মিকে ফেরত দিতে হবে এবং মৃতদের দেহাবশেষও হস্তান্তর করতে হবে। এর বিনিময়ে ইসরায়েল গাজায় আটক শত শত বাসিন্দাকে মুক্তি দেবে।
ট্রাম্প বলেন, “যেসব বিষয় এখনো চূড়ান্ত হয়নি, সেগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনায় আছি। এটি শুধু গাজা নয়, বরং মধ্যপ্রাচ্যে দীর্ঘদিনের প্রত্যাশিত শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টা।” এদিকে বন্দি বিনিময়ে রাজি হলেও গাজার ভবিষ্যৎ শাসনব্যবস্থা ও ফিলিস্তিনি জনগণের অধিকারসহ অন্যান্য গুরুত্বপূর্ণ ইস্যুতে আরও আলোচনা চালিয়ে যেতে চায় হামাস। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, এসব বিষয়ে আলোচনাও অব্যাহত রয়েছে।
Copyright © 2026 All rights reserved.