প্রকাশের তারিখঃ Oct 15, 2025 ইং
ভোটগ্রহণ শেষ, চলছে গণনা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। বুধবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। বর্তমানে চলছে ভোট গণনার কার্যক্রম। এবার নির্বাচনে ভোট গ্রহণ হয়েছে ব্যালট পেপারে, তবে গণনা করা হচ্ছে ওএমআর (অপটিক্যাল মার্ক রিডার) পদ্ধতিতে। ভোট গণনার স্বচ্ছতা নিশ্চিত করতে স্থাপন করা হয়েছে ১৪টি এলইডি স্ক্রিন, যার মাধ্যমে সরাসরি ফলাফল দেখানো হবে।
চাকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন জানান, অমোচনীয় কালি উঠে যাওয়া ও কয়েকটি বিচ্ছিন্ন অভিযোগ ছাড়া সার্বিকভাবে নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। তিনি জানান, দুপুর ৩টা পর্যন্ত ভোটার উপস্থিতি ছিল প্রায় ৫৫ শতাংশ, যা উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।
চলতি নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ২৭ হাজার ৫১৭ জন। পাঁচটি অনুষদের আওতায় থাকা ১৫টি হলের জন্য নির্ধারিত ১৫টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এ জন্য মোট ৬০টি কক্ষে ৬৮৯টি বুথ স্থাপন করা হয়, যাতে স্বচ্ছভাবে ভোটগ্রহণ নিশ্চিত করা যায়।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, কেন্দ্রীয় ও হল সংসদ মিলিয়ে এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৯০৮ জন প্রার্থী। এর মধ্যে কেন্দ্রীয় সংসদে রয়েছে ১৩টি প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীসহ ৪১৫ জন এবং হল সংসদে রয়েছেন ৪৯৩ জন প্রার্থী।
Copyright © 2026 All rights reserved.