প্রকাশের তারিখঃ Oct 16, 2025 ইং
রাকসু নির্বাচনে ভোটগ্রহণ শেষ, চলছে গণনা
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে দিনভর উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ পর চলছে গণনা। কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ওএমআর পদ্ধতিতে ভোটের ফল গণনা চলছে। তবে ভোটের ফলাফল প্রকাশ করতে ১২ থেকে ১৫ ঘণ্টা সময় লাগবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সালেহ হাসান নকীব।
নির্বাচন কমিশনার আরো বলেন, আমাদের সিদ্ধান্ত অনুযায়ী আগে মেয়েদের হলগুলোর ফলাফল হবে, এরপর ছেলেদের। সর্বশেষ রাকসুর ফলাফল ঘোষণা হবে।
সকাল ৯টায় শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলে এই ভোট। দীর্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠিত হচ্ছে এই রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচন।
রাকসুর ভোটার ২৮ হাজার ৯০১ জন। অন্যদিকে রাকসু, হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে মোট প্রার্থী ৮৬০ জন। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ করছে দুই হাজার পুলিশ, ৬ প্লাটুন বিজিবি ও ১২ প্লাটুন র্যাব।
এ নির্বাচনে ১১টি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। এর মধ্যে আলোচিত ৮টি প্যানেল হলো- ছাত্রদল মনোনীত প্যানেল ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’, ছাত্রশিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’, ছাত্র অধিকার পরিষদ ও ছাত্র ফেডারেশনের নেতৃত্বে গঠিত ‘রাকসু ফর র্যাডিক্যাল চেঞ্জ’, সাবেক সমন্বয়কদের নেতৃত্বে ‘আধিপত্যবাদবিরোধি ঐক্য’, বাম জোটের ‘গণতান্ত্রিক শিক্ষার্থী পর্ষদ’, ছাত্র ইউনিয়ন (একাংশ) ঘোষিত ‘অপরাজেয় ৭১, অপ্রতিরোধ্য ২৪’, সাবেক আরেক নারী সমন্বয়কের নেত্বতে ‘সর্বজনীন শিক্ষার্থী সংসদ’, ইসলামী ছাত্র আন্দোলন মনোনীত ‘সচেতন শিক্ষার্থী পরিষদ’।
Copyright © 2026 All rights reserved.