প্রকাশের তারিখঃ Oct 23, 2025 ইং
২৬ অক্টোবর সৌদি যাচ্ছেন প্রধান উপদেষ্টা
সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজের আমন্ত্রণে দেশটিতে সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
বৃহস্পতিবার (২৩অক্টোবর) জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়,আগামী ২৬ অক্টোবর ঢাকা থেকে প্রধান উপদেষ্টা রিয়াদের উদ্দেশে রওনা হবেন এবং ২৭ অক্টোবর (সোমবার) রিয়াদে অনুষ্ঠেয় ভবিষ্যৎ বিনিয়োগ উদ্যোগ নবম সংস্করণে (এফআইআই৯) যোগ দিতে তিনি এই সফর করবেন।রিয়াদের কিং আব্দুল আজিজ ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে তিন দিনব্যাপী ওই আয়োজনে বক্তব্য দেবেন প্রধান উপদেষ্টা। সফরে সম্মেলনে অংশ নেওয়ার পাশাপাশি প্রধান উপদেষ্টা সৌদি ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন বলে জানা গেছে।
এর আগে গত জুলাইয়ে ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়াহ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক বৈঠকে সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের আমন্ত্রণপত্র প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করেন।
প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, এ আয়োজনে ২০১৭ সালের পর এবারই প্রথম বাংলাদেশের কোনো সরকার প্রধানকে আমন্ত্রণ জানানো হয়েছে।
এফআইআই৯-এর নবম সংস্করণে প্রধান উপদেষ্টার সঙ্গে অংশ নেবেন সৌদি আরবের জ্বালানি মন্ত্রী প্রিন্স আব্দুল আজিজ বিন সালমান বিন আবদুল আজিজ, পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের গভর্নর এবং সৌদি আরামকো এবং এফআইআই ইনস্টিটিউটের চেয়ারম্যান ইয়াসির আল-রুমাইয়ান, চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেং।
এ ছাড়া রাশিয়ান প্রত্যক্ষ বিনিয়োগের সিইও এবং রাষ্ট্রপতির বিশেষ দূত কিরিল দিমিত্রিয়েভ, বিশ্ব বাণিজ্য সংস্থার মহাপরিচালক ড. এনগোজি ওকোনজো-ইওয়েলা, টোকিওর গভর্নর ইউরিকো কোইকে, যুক্তরাজ্যের সংসদ সদস্য ও রাজকোষের চ্যান্সেলর রাচেল রিভস, রুয়ান্ডার প্রেসিডেন্ট পল কাগামে এবং সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা উপস্থিত থাকার কথা রয়েছে।
রাজধানী/ প্রীতি
Copyright © 2026 All rights reserved.