প্রকাশের তারিখঃ Oct 26, 2025 ইং
নারায়ণগঞ্জে কারখানার গ্যাসলাইনে বিস্ফোরণ, ৬ শ্রমিক দগ্ধ
নারায়ণগঞ্জের বিসিকে কারখানার বয়লার রুমে কাজ করছিলেন ছয় শ্রমিক। হঠাৎ রুমের গ্যাসলাইন থেকে বিস্ফোরণ ঘটে জ্বলে ওঠে আগুন। কিছু বুঝে ওঠার আগেই ঝলসে যায় সবার শরীর।
রোববার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে নারায়ণগঞ্জের বিসিকে এম এস ড্রাইং, প্রিন্টিং অ্যান্ড ফিনিশিং কারখানায় এই দুর্ঘটনা ঘটে। দগ্ধদের ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে।
দগ্ধরা হলেন- কারখানাটির শ্রমিক আলআমিন (৩০), আজিজুল্লা (৩২), সেলিম (৩৫), জালাল মোল্লা (৪০), নাজমুল হুদা (৩৫) এবং সিকিউরিটি গার্ড সুপারভাইজার নুর মোহাম্মদ (৩৫)।
সহকর্মীদের বর্ণনায় জানা যায়, সকালে কারখানাটির নিচ তলায় বয়লার রুমে কাজ করছিলেন তারা। হঠাৎ রুমের গ্যাসলাইন থেকে বিকট একটি শব্দে বিস্ফোরণ ঘটে। মুহূর্তেই দাউদাউ করে আগুন জ্বলে ওঠে। এতে ছয় শ্রমিকের শরীর ঝলসে যায়। সহকর্মীরা তাদের সঙ্গে সঙ্গে উদ্ধার করে ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসেন।
এ বিষয়ে বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান সময় সংবাদকে বলেন, দগ্ধদের জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে। সবার অবস্থাই গুরুতর। তাদের মধ্যে কার শরীরে কত শতাংশ পুড়েছে তা পরবর্তীতে বলা যাবে।
Copyright © 2026 All rights reserved.