গণভোটের মাধ্যমে জনগণ স্পষ্টভাবে পুরানো রাজনৈতিক কাঠামো বর্জনের রায় দিয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আলী রীয়াজ।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে তিনি জানান, নবনির্বাচিত সংসদ সদস্যরা কেবল আইন প্রণেতা হিসেবেই নয়, বরং ‘সংবিধান সংস্কার পরিষদের’ সদস্য হিসেবেও শপথ গ্রহণ করবেন। এই রায়কে তিনি ২৪-এর গণ-অভ্যুত্থানের শহীদদের স্বপ্ন বাস্তবায়নের চাবিকাঠি হিসেবে উল্লেখ করেছেন।
সংবাদ সম্মেলনে ড. আলী রীয়াজ বলেন, গণভোটে সংস্কারের পক্ষে আসা রায় প্রমাণ করে যে, বাংলাদেশের নাগরিকরা আর গত ১৬ বছরের অনাচার বা স্থিতাবস্থায় ফিরে যেতে চান না। এই ম্যান্ডেট মূলত রাষ্ট্রব্যবস্থার আমূল পরিবর্তনের এক ঐতিহাসিক স্বীকৃতি। তিনি উল্লেখ করেন, নির্বাচিত সংসদ সদস্যরা জাতীয় সংসদ ও সংবিধান সংস্কার পরিষদ—এই দুই বিষয়ের ওপর শপথ নিয়ে দায়িত্ব পালন করবেন।
তিনি আরও জানান, 'জুলাই সনদ' বাস্তবায়ন করা তখনই সম্ভব হবে যখন রাজনৈতিক দলগুলোর মধ্যে আন্তরিকতা ও সদিচ্ছা থাকবে। জাতীয় ঐক্যমত কমিশনের সময় দলগুলো যে সহনশীলতার পরিচয় দিয়েছে, তা বজায় রেখে এই গণরায়কে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার আহ্বান জানান তিনি। তরুণ প্রজন্মকে আগামীর বাংলাদেশ গড়ার কাজে অগ্রণী হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, এই পরিবর্তন যেন আর কোনো স্বৈরাচারের পুনরাবৃত্তি ঘটতে না দেয়।