মেহেরপুর সদর উপজেলার রাজনগর গ্রামে এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে।
রবিবার (৯ নভেম্বর) বিকেলে মসুরিভাজা বিল এলাকায় শাপলা তুলতে গিয়ে একই পরিবারের চার কন্যা শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে দুই ভাইয়ের মেয়ে। এই মর্মান্তিক ঘটনায় পুরো রাজনগর গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহগুলো উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে।
মেহেরপুর সদর উপজেলার রাজনগর গ্রামে শাপলা তুলতে গিয়ে ঘটে গেল চরম মর্মান্তিক দুর্ঘটনা। রোববার বিকেলে গ্রামের মসুরিভাজা বিলের পানিতে ডুবে একই পরিবারের চার শিশুর মৃত্যু হয়।
মৃত চার শিশুর মধ্যে রয়েছে দুই সহোদর মজিবর রহমান ও শাহারুল ইসলামের দুই মেয়ে। নিহতরা হলো, অষ্টম শ্রেণির শিক্ষার্থী ফাতেমা (১৪) ও মিম (১৪) এবং চতুর্থ শ্রেণির শিক্ষার্থী আফিয়া (১০) ও আলসিয়া (১০)।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে চার শিশু একসঙ্গেই মসুরিভাজা বিলে শাপলা তুলতে গিয়েছিল। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তারা বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা চিন্তিত হয়ে খোঁজাখুঁজি শুরু করেন। কিছুক্ষণ পর বিলের পানিতে তাদের দেহ ভাসতে দেখে স্থানীয়রা। সঙ্গে সঙ্গে মেহেরপুর ফায়ার সার্ভিস এবং সদর থানা পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে চার শিশুর নিথর দেহ উদ্ধার করে।
হঠাৎ ঘটে যাওয়া এই দুর্ঘটনায় গোটা রাজনগর গ্রাম স্তব্ধ হয়ে গেছে। স্থানীয় ইউপি সদস্য মজনু জানান, এমন হৃদয়বিদারক মৃত্যু পুরো এলাকাকে শোকে আচ্ছন্ন করেছে। পরিবার সদস্যদের বিলাপ করতে দেখা যায়, ওরা সবাই মিলে ফুল তুলতে গিয়েছিল, আর একসঙ্গেই চলে গেল।
প্রশাসনের পক্ষ থেকেও এ ঘটনায় শোক ও সহানুভূতি জানানো হয়েছে। একইসঙ্গে, ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে স্থানীয় জলাশয়গুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার বিষয়ে আহ্বান জানানো হয়েছে।