ঋণ আত্মসাৎ সংক্রান্ত একটি মামলায় স্বদেশ লাইফ ইন্সুরেন্স লিমিটেডের চেয়ারম্যান মো. মাকসুদুর রহমানের দুটি সঞ্চয়পত্র ফ্রিজ (অবরুদ্ধ) করার নির্দেশ দিয়েছেন আদালত।
সিআইডির আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার (১৮ নভেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ আদালত এই আদেশ দেন। সিআইডি জানিয়েছে, এই দুটি সঞ্চয়পত্রে মোট ৪০ লাখ টাকা জমা আছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, চেয়ারম্যান মাকসুদুর রহমান কোম্পানির নামে ঋণ নিয়ে ১০ কোটি ২১ লাখ টাকারও বেশি অর্থ ব্যক্তিগত কাজে ব্যবহার করেছেন।
আদালতের সংশ্লিষ্ট সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। সিআইডি তাদের আবেদনে উল্লেখ করে, মো. মাকসুদুর রহমান এনআরবি কমার্সিয়াল ব্যাংক থেকে স্বদেশ লাইফ ইন্স্যুরেন্সের নামে থাকা ফিক্সড ডিপোজিট রিসিট (এফডিআর) জামানত রেখে বিপুল অঙ্কের ঋণ গ্রহণ করেন।
পরে সেই ১০ কোটি ২১ লাখ ১৭ হাজার টাকা আত্মসাৎ করার উদ্দেশ্যে উত্তোলন করে ব্যক্তিগত বিভিন্ন কাজে ব্যবহার করেন এবং বিভিন্ন প্রতিষ্ঠানে বিনিয়োগ করেন বলে প্রাথমিক তদন্তে জানা যায়। মামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে এবং অভিযুক্তকে টাকা উত্তোলন থেকে বিরত রাখতে এই সঞ্চয়পত্র দুটি ফ্রিজ করা হয়েছে।