চট্টগ্রাম নগরীর শহীদ ওয়াসিম আকরাম উড়াল সড়কের (এলিভেটেড এক্সপ্রেসওয়ে) রেলিং ভেঙে একটি প্রাইভেট কার নিচের সড়কে আছড়ে পড়েছে। মর্মান্তিক এই দুর্ঘটনায় শফিক (৫৪) নামে এক পথচারী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেলে বন্দর থানার নিমতলা মোড় এলাকায় এই ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহত আরও তিনজনকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে।
ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্রে জানা গেছে, দ্রুত গতিতে থাকা প্রাইভেট কারটি নিয়ন্ত্রণ হারিয়ে উড়াল সড়কের রেলিং ভেঙে নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলে থাকা পথচারী শফিক গুরুতর আহত হন।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক শফিককে মৃত ঘোষণা করেন। বাকি আহতদের পরিচয় নিশ্চিত করে চিকিৎসা দেওয়া হচ্ছে। এক্সপ্রেসওয়েতে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে এই ঘটনা নতুন করে প্রশ্ন তুলেছে।