জামালপুরের সরিষাবাড়ীতে ঝিনাই নদীতে ডুবে লাদেন মিয়া (২২) নামে মানসিক ভারসাম্যহীন এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে পৌরসভার সাতপোয়া শহর এলাকায় নদী পার হওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় লোকজন চেষ্টা চালিয়ে নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করেন। নিহত লাদেন দীর্ঘ দিন ধরে মানসিক অসুস্থতায় ভুগছিলেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে সাতপোয়া গ্রামের বাসিন্দা লাদেন মিয়া বাড়ি থেকে বের হয়ে ঝিনাই নদীর পাড়ে যান। একপর্যায়ে তিনি সাঁতরে নদী পার হওয়ার চেষ্টা করলে মাঝপথে ডুবে যান।
এই সংবাদ ছড়িয়ে পড়লে স্থানীয়রা প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে যুবকের মরদেহ নদী থেকে উদ্ধার করেন। সরিষাবাড়ী ফায়ার সার্ভিস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছে, ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা মরদেহ উদ্ধার করেন।
কামরুল ইসলাম/রাজধানী