সাভারের আশুলিয়ায় বকেয়া বেতন পরিশোধের কথা বলে মাদ্রাসার এক সাবেক শিক্ষিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছে একই মাদ্রাসার প্রিন্সিপাল নুরুল ইসলামের বিরুদ্ধে।
এই বর্বরোচিত ঘটনার প্রতিবাদে শনিবার (২৯ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে আশুলিয়ার বাইপাইল এলাকায় থানা ভবনের সামনে স্থানীয় উলামায়ে কেরাম ও সর্বস্তরের জনতার ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা ধর্ষণকারী নুরুল ইসলাম এবং তাঁর সহযোগী তাজুল ইসলামকে দ্রুত গ্রেফতার ও ধর্ষণের সর্বোচ্চ শাস্তি তথা ফাঁসির দাবি জানিয়েছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৬ নভেম্বর সন্ধ্যার দিকে শ্রীপুর তালটেকী দারুন নাজাত মহিলা মাদ্রাসার সাবেক শিক্ষিকাকে তাঁর বকেয়া বেতন দেওয়ার কথা বলে মাদ্রাসার প্রিন্সিপাল নুরুল ইসলাম ডেকে পাঠান। এরপর তিনি ভুক্তভোগী শিক্ষিকাকে পার্শ্ববর্তী সুবন্দী ফাতেমাতুজ জোইরা মহিলা মাদ্রাসায় নিয়ে যান। সেখানে শিক্ষক তাজুল ইসলামের সহযোগিতায় প্রিন্সিপাল নুরুল ইসলাম ভুক্তভোগী নারীকে একটি কক্ষে আটকে ধর্ষণ করেন।
ধর্ষণের পর দীর্ঘ সময় তাঁকে তালাবদ্ধ করে রাখা হয় এবং রাত সাড়ে ৯টার দিকে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে ছেড়ে দেওয়া হয়। পরে এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষিকা বাদী হয়ে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করেন।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান জানান, গত ৯ নভেম্বর ভুক্তভোগী শিক্ষিকা দুজনের নাম উল্লেখ করে আশুলিয়া থানায় মামলা দায়ের করেন। তিনি বলেন, স্থানীয়ভাবে বিচার সালিশের কারণে মামলা করতে দেরি হয় এবং এই সময়ের মধ্যে আসামিরা পালিয়ে যায়। ওসি আরও জানান, পলাতক আসামিদের দ্রুত গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত আছে।