ইরানের সরকারবিরোধী আন্দোলন দমনে নিরাপত্তা বাহিনীর ভয়াবহ অভিযানে এক রাতেই দুই শতাধিক বিক্ষোভকারী নিহত হয়েছেন। প্রভাবশালী মার্কিন সাময়িকী 'টাইম ম্যাগাজিন'-এর এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর দাবি করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাতের এই রক্তক্ষয়ী সংঘর্ষে নিহতের অধিকাংশই তরুণ এবং তারা সরাসরি গুলিতে প্রাণ হারিয়েছেন।
ইরানজুড়ে ছড়িয়ে পড়া সরকারবিরোধী বিক্ষোভ চরম সহিংসতায় রূপ নিয়েছে। গত বৃহস্পতিবার রাতে রাজধানী তেহরানে নিরাপত্তা বাহিনী ও আন্দোলনকারীদের মধ্যে নজিরবিহীন সংঘর্ষে অন্তত ২০০ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে টাইম ম্যাগাজিন। তেহরানের এক চিকিৎসকের দেওয়া তথ্য অনুযায়ী, রাজধানীর ছয়টি হাসপাতালেই ২০৬ জনের মরদেহ রেকর্ড করা হয়েছে। নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের লক্ষ্য করে মেশিনগান দিয়ে ব্রাশফায়ার করেছে বলেও অভিযোগ উঠেছে।
দেশটির ৩১টি প্রদেশেই এখন বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, উত্তর তেহরানে একটি পুলিশ স্টেশনের সামনে নির্বিচারে চালানো গুলিতে বহু মানুষ হতাহত হন। শুক্রবার সকালেই হাসপাতাল থেকে মরদেহগুলো সরিয়ে নেয় কর্তৃপক্ষ।
এই ভয়াবহ দমন-পীড়নের মাধ্যমে খামেনি সরকার মূলত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারিকেই উপেক্ষা করল। ট্রাম্প এর আগে সতর্ক করেছিলেন যে, শান্তিপূর্ণ আন্দোলনকারীদের ওপর হামলা চালালে ইরানকে চড়া মূল্য দিতে হবে। ভয়াবহ এই প্রাণহানির পরও শুক্রবার রাতে তেহরানসহ বিভিন্ন শহরের রাস্তায় হাজার হাজার মানুষ পুনরায় সমবেত হয়ে প্রতিবাদ অব্যাহত রেখেছেন।