জুলাই-আগস্ট মাসে ইন্টারনেট বন্ধ করে গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়কে ট্রাইব্যুনালে হাজির হওয়ার জন্য দুটি জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
বুধবার (১০ ডিসেম্বর) বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের বেঞ্চ এই আদেশ দেন। একই মামলায় অপর আসামি হলেন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, যাঁর আইনজীবী জেলখানায় তাঁর সঙ্গে পরিবারের সদস্যদের সাক্ষাৎ নিয়ে কিছু সমস্যা ট্রাইব্যুনালের কাছে তুলে ধরেছেন। এর আগে, গত ৪ ডিসেম্বর ট্রাইব্যুনাল এই দুজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার ও বিচারপতি মো. শফিউল আলম মাহমুদের সমন্বয়ে গঠিত বিচারিক প্যানেল আজ এই মামলায় শুনানি করেন।
প্রসিকিউশনের পক্ষে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জয়ের বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানার অগ্রগতি সম্পর্কে ট্রাইব্যুনালকে অবহিত করেন। পলাতক আসামি সজীব ওয়াজেদ জয়কে ট্রাইব্যুনালে হাজির করার উদ্দেশ্যে তিনি দুটি জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের অনুমতি চান। এরপর ট্রাইব্যুনাল এই অনুমতি দেন এবং পরবর্তী শুনানির জন্য আগামী ১৭ ডিসেম্বর দিন নির্ধারণ করেন।
অপর আসামি জুনায়েদ আহমেদ পলকের আইনজীবী লিটন আহমেদ এসময় ট্রাইব্যুনালকে জানান, জেল কর্তৃপক্ষ তাঁর মক্কেলকে সপ্তাহে একদিন পরিবারের সঙ্গে কথা বলতে এবং ১৫ দিনে একবার স্বজনদের সঙ্গে দেখা করতে দিচ্ছে না। এই বিষয়ে ট্রাইব্যুনালের অনুমতি চেয়েছেন এই আইনজীবী।
উল্লেখ্য, ৪ ডিসেম্বর ট্রাইব্যুনাল দুই অভিযুক্তের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন।