ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছেন। নির্বাচনী প্রচারণার সময় এই ঘটনা ঘটে।
শুক্রবার দুপুর ২টা ৩৫ মিনিটে গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। গুলির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে তদন্তের জন্য দল পাঠিয়েছে। এর আগে গত নভেম্বর মাসে তিনি একাধিকবার হত্যার হুমকি পেয়েছিলেন বলে জানিয়েছিলেন।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি নির্বাচনী প্রচারণার সময় গুলিবিদ্ধ হন বলে জানিয়েছেন জুলাই ঐক্যের অন্যতম সংগঠক ইস্রাফিল ফরায়েজী। বিজয়নগর এলাকায় এই গুলির ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে শোনা যাচ্ছে।
গুলিবিদ্ধ হওয়ার খবর নিশ্চিত করে ডিএমপির মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ হারুন অর রশিদ বলেন, "আমরা শুনেছি বিজয়নগর এলাকায় তিনি গুলিবিদ্ধ হয়েছেন। তবে বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য আমরা ঘটনাস্থলে টিম পাঠিয়েছি। টিম কনফার্ম করলে এ বিষয়ে বিস্তারিত জানানো যাবে।"
উল্লেখ্য, গত নভেম্বর মাসে শরিফ ওসমান হাদি দেশি-বিদেশি ৩০টিরও বেশি নম্বর থেকে হত্যার হুমকি পাওয়ার অভিযোগ করেছিলেন। গত ১৪ নভেম্বর একটি ফেসবুক পোস্টে তিনি উল্লেখ করেছিলেন, তাঁকে হত্যা করা, বাড়িতে আগুন দেওয়া এবং তাঁর মা, বোন ও স্ত্রীকে ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে। তিনি লিখেছিলেন, গত তিন ঘণ্টায় আমার নম্বরে আওয়ামী লীগের খুনিরা অন্তত ৩০টা বিদেশি নম্বর থেকে কল ও টেক্সট করেছে। যার সামারি হলো- আমাকে সর্বক্ষণ নজরদারিতে রাখা হচ্ছে। তারা আমার বাড়িতে আগুন দেবে। আমার মা, বোন ও স্ত্রীকে ধর্ষণ করবে এবং আমাকে হত্যা করবে।