জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর চানখারপুলে ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ আট জনের বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণার তারিখ পিছিয়ে আগামী ২৬ জানুয়ারি দিন ধার্য করা হয়েছে।
মঙ্গলবার (২০ জানুয়ারি ) বেলা সাড়ে ১১টায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণার নতুন দিন ধার্য করেন।
রায় প্রস্তুত না হওয়ায় তারিখ পেছানো হয়েছে বলে জানিয়েছে প্রসিকিউশন। প্যানেলের অন্য দুই সদস্য হলেন- বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী। এর আগে গত ২৪ ডিসেম্বর রাষ্ট্র ও আসামি উভয়পক্ষে যুক্তি উপস্থাপন শেষে রায় ঘোষণার জন্য আজকের দিন ঠিক করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
২০২৪ সালে আন্দোলনের সময় আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এটিই প্রথম রায় ছিল। আর জুলাই-আগস্টের হত্যাযজ্ঞের মামলার দ্বিতীয় রায়। তবে সময় পেছানো হয়েছে।
সাবেক ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমানসহ এ মামলায় অভিযুক্ত আট পুলিশ সদস্যের সর্বোচ্চ শাস্তির প্রত্যাশা রয়েছে প্রসিকিউশনের। আর পুলিশ সদস্য হিসেবে সরকারের আদেশ পালনে তারা বাধ্য ছিলেন বলে দাবি আসামিপক্ষের আইনজীবীর। এর মধ্যে শীর্ষ চার পুলিশ কর্মকর্তা পলাতক রয়েছেন এবং গ্রেপ্তার করা হয়েছে চার পুলিশ সদস্যকে।
প্রসিকিউশনের অভিযোগপত্রে বলা হয়েছে, ডিএমপি কমিশনার হাবিবুর রহমান ওয়ারল্যাস বার্তার মাধ্যমে আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি করার নির্দেশ দেন। এ সময় কর্মরত পুলিশ সদস্যরা চাইনিজ রাইফেল দিয়ে গুলি করেন। নির্দেশনা ও গুলি করার ১৯টি ভিডিও ফুটেজ আদালতে দাখিল করে প্রসিকিউশন। সাক্ষ্য দেন শহীদ পরিবারের সদস্য, প্রত্যক্ষদর্শী ও আসিফ মাহমুদ সজীব ভূইয়াসহ ২৬ জন।
জেআইসি সেলে গুম ও নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন ভুক্তভোগী হুম্মাম কাদের চৌধুরী। সাক্ষ্য প্রদান শেষে তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও গুমের সঙ্গে জড়িত সংশ্লিষ্টদের বিরুদ্ধে সুষ্ঠু ও ন্যায়সঙ্গত বিচারের দাবি জানান। একই দিন জুলাই গণঅভ্যুত্থানে নারায়ণগঞ্জে ১০ জন হত্যার ঘটনায় দায়ের করা মামলায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানসহ মোট ১২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল।