বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দেশবাসীকে ভোট ডাকাতির নতুন ষড়যন্ত্র সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সিলেটের ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি বলেন, পালিয়ে যাওয়া একটি দলের মতো দেশের ভেতরে থাকা একটি মহলও ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আগামী নির্বাচনে জনমতের প্রতিফলন ঠেকাতে তারা ব্যালট ছিনতাইয়ের পথ খুঁজছে।
দীর্ঘ ১৬ বছরের দুঃশাসনের কথা স্মরণ করে তারেক রহমান বলেন, "বিগত দিনে আমরা দেখেছি কীভাবে মানুষের বাক-স্বাধীনতা ও ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। আমি-ডামি ও নিশিরাতের নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে।" তিনি আরও উল্লেখ করেন, গত দেড় দশকে রাজনৈতিক অধিকার আদায়ের লড়াইয়ে ইলিয়াস আলীর মতো অসংখ্য নেতাকর্মীকে গুম ও খুনের শিকার হতে হয়েছে।
বক্তব্যের এক পর্যায়ে দেশের সার্বভৌমত্বের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, "বাংলাদেশকে অন্য দেশের কাছে বন্ধক দেওয়া হয়েছিল। আমাদের স্পষ্ট কথা—দিল্লি নয়, পিন্ডি নয়; সবার আগে বাংলাদেশ।" তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা হাজার হাজার মানুষকে হত্যা করেছে এবং যারা দেশ ছেড়ে পালিয়েছে, তাদের দোসররা এখনো তৎপর। ৫ আগস্টের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে এই ষড়যন্ত্রকারীদের প্রতিহত করতে হবে। এই সমাবেশ থেকেই তিনি ভোটাধিকার পুনরুদ্ধারে ধানের শীষের পক্ষে গণজোয়ার তৈরির ডাক দেন।