সহকর্মীদের বেঈমানি,ওপর মহলের চাপ এবং ইকরার পরিবারের প্রতিশোধপরায়ণতা হয়তো তাকে বাঁচতে দেবে না বলে মন্তব্য করছেন, ছোট পর্দার অভিনেতা জাহের আলভী।
স্ত্রী আফরা ইভনাথ খান ইকরা–র মৃত্যুকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি চাঞ্চল্যকর পোস্ট দিয়েছেন আলোচিত অভিনেতা আলভী।
সেই পোস্টে তিনি দাবি করেছেন, এ ঘটনায় তাকে ফাঁসানো হচ্ছে। সঙ্গে প্রয়াত স্ত্রীর বিষয়ে বেশ কিছু তথ্যও তুলে ধরেন তিনি।
শুক্রবার (৬ মার্চ) রাত ১১টা ৩৫ মিনিটে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া ওই পোস্টটিকে নিজের ‘শেষ পোস্ট’ বলেও উল্লেখ করেছেন এই অভিনেতা।
স্ট্যাটাসে সিসিটিভি ফুটেজ, ময়নাতদন্তের প্রতিবেদন এবং স্ত্রীর অতীত নিয়ে বেশ কিছু প্রশ্ন তোলেন জাহের আলভী। তার দাবি, বাসার ড্রয়িং ও ডাইনিংরুমে একটি সিসিটিভি ক্যামেরা রয়েছে, যার নিয়ন্ত্রণ ছিল শুধু আফরা ইভনাথ খান ইকরার ফোনে।
তিনি আরো লিখেছেন, গত ২৫, ২৬ ও ২৭ তারিখ রাতে ইকরার কয়েকজন বন্ধু বাসায় এসেছিলেন এবং মধ্যরাত পর্যন্ত সেখানে অবস্থান করে তারা সিগারেট, গাঁজা ও মদ্যপান করেন। মৃত্যুর আগের দিন ইকরা তার সহকারীকে দিয়ে ঘুমের ওষুধও আনিয়েছিলেন, যা সিসিটিভির আওতাতেই বুঝিয়ে দেওয়া হয় বলে দাবি করেন আলভী।
এই ফুটেজগুলো যেন কোনোভাবেই সরানো বা নষ্ট করা না হয় সেই আহ্বানও জানিয়েছেন তিনি। পাশাপাশি স্ত্রীর মোবাইল ফোন ও ময়নাতদন্তের প্রতিবেদন নিয়েও শঙ্কা প্রকাশ করেছেন অভিনেতা। আলভীর ভাষ্য, ইকরার মোবাইল ফোনটি বর্তমানে পুলিশের মাধ্যমে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
নিজের বিরুদ্ধে ওঠা পরকীয়ার অভিযোগের জবাবে আলভী পাল্টা প্রশ্ন তুলে জানতে চান, ইকরার সঙ্গে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এর ৪১তম ব্যাচের ‘নাবিদ’ নামের এক সহপাঠীর সম্পর্ক কী ছিল?একই সঙ্গে তিনি দাবি করেন, ২০১০ সালে পালিয়ে বিয়ে করার পর ইকরার পরিবার তাকে না জানিয়েই ইকরাকে অন্য জায়গায় বিয়ে দিয়েছিল।
স্বামী বর্তমান থাকা অবস্থায় ইকরা সেই বিয়েতে সম্মতি দিয়েছিলেন এবং বাসরও করেছিলেন বলে স্ট্যাটাসে উল্লেখ করেন তিনি। পরে ভুল বুঝতে পেরে ফিরে এলে আলভী তাকে ক্ষমা করে মেনে নেন। স্ট্যাটাসের শেষদিকে চরম শঙ্কা প্রকাশ করে জাহের আলভী জানান, ওপর মহলের চাপ, ইকরার পরিবারের প্রতিশোধপরায়ণতা এবং সহকর্মীদের বেঈমানি হয়তো তাকে বাঁচতে দেবে না। একমাত্র সন্তানের ভবিষ্যতের কথা ভেবে সাধারণ মানুষ ও সাংবাদিকদের কাছে তিনি সুষ্ঠু তদন্ত ও প্রমাণগুলো মিলিয়ে দেখার আকুতি জানিয়েছেন। পরিশেষে সবার কাছে ক্ষমাও চেয়েছেন তিনি।