সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে জাতীয় পতাকা উত্তোলন, প্রভাতফেরি এবং অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসটির কর্মসূচি শুরু হয়।
প্রবাসের মাটিতে একুশের চেতনায় উজ্জীবিত হয়ে ভাষা শহীদদের স্মরণ করল আবুধাবিতে বসবাসরত বাংলাদেশিরা। দূতাবাসের পক্ষ থেকে রাষ্ট্রদূত তারেক আহমেদ অস্থায়ী শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর পর্যায়ক্রমে বিভিন্ন প্রবাসী সংগঠন ও সর্বস্তরের মানুষ ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।
অনুষ্ঠানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর বাণী পাঠ করে শোনানো হয়। রাষ্ট্রদূতের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় ভাষা আন্দোলনের তাৎপর্য তুলে ধরা হয়। রাষ্ট্রদূত তারেক আহমেদ তাঁর বক্তব্যে ভাষা শহীদদের পাশাপাশি মহান মুক্তিযুদ্ধ ও চব্বিশের ছাত্র-গণআন্দোলনের শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান। তিনি প্রবাসীদের সব ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার কাজে মনোনিবেশ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা আজিজুল হকসহ স্থানীয় বিএনপি ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য দেন। বক্তারা বলেন, ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি বাঙালিকে নিজের ভাষায় কথা বলার যে অধিকার দিয়ে গেছে, তা বিশ্বের ইতিহাসে বিরল। অনুষ্ঠানে দূতাবাস কর্মকর্তা-কর্মচারী ছাড়াও বাংলাদেশ স্কুল, জনতা ব্যাংক ও বিমানের প্রতিনিধি এবং বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন।