তীব্র শীতকালীন ঝড়ে গাজায় অন্তত আটজন ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। হাড়কাঁপানো ঠান্ডা, ভারী বৃষ্টি আর প্রবল বাতাসে অস্থায়ী তাঁবুতে বসবাসরত বাস্তুচ্যুত পরিবারগুলোর জীবন এখন চরম সংকটে। গাজার সিভিল ডিফেন্স জানিয়েছে, ইসরায়েলি নিষেধাজ্ঞার কারণে পর্যাপ্ত মানবিক সহায়তা ও শীতবস্ত্র পৌঁছাতে না পারায় পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিচ্ছে।
প্রকৃতির এই রুদ্ররূপে চারজন ঠান্ডায় জমে মারা গেছেন, যাদের মধ্যে মাত্র এক বছর বয়সী একটি শিশুও রয়েছে। এছাড়া ঝোড়ো হাওয়ার প্রভাবে ইসরায়েলি হামলায় আগে থেকে ক্ষতিগ্রস্ত চারটি ভবন ধসে পড়ে আরও চারজন প্রাণ হারান। গাজা সিটির দুর্বল হয়ে পড়া অবকাঠামোগুলো এই শক্তিশালী ঝড় মোকাবিলা করতে পারছে না। বর্তমানে গাজার হাসপাতালগুলোতে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত শিশুর সংখ্যা আশঙ্কাজনকভাবে বাড়ছে।
মানবিক সহায়তা সংস্থাগুলো জানিয়েছে, ঝড়ের কবলে পড়ে হাজার হাজার তাঁবু ধসে যাওয়ায় নতুন করে গৃহহীন হয়ে পড়েছেন অসংখ্য মানুষ। ইসরায়েলের অব্যাহত বাধার কারণে জরুরি আশ্রয় সামগ্রী ও ওষুধ সরবরাহ করা সম্ভব হচ্ছে না বলে অভিযোগ করেছে স্থানীয় প্রশাসন। অস্থায়ী আশ্রয়ে থাকা পরিবারগুলো এখন খোলা আকাশের নিচে হিমাঙ্ক ছোঁয়া তাপমাত্রায় মানবেতর জীবন কাটাচ্ছে। ত্রাণ সরবরাহ স্বাভাবিক না হলে সামনে আরও বড় ধরনের মানবিক বিপর্যয় নেমে আসার আশঙ্কা করা হচ্ছে।