দেশের সর্বোচ্চ আদালত বা বিচারক সম্পর্কে কোনো প্রকার মিথ্যা ও অসত্য সংবাদ প্রচার করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা এবং আদালত অবমাননার অভিযোগ আনা হবে।
সোমবার (৫ জানুয়ারি) সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল এক বিজ্ঞপ্তিতে এই সতর্কতা জারি করেন। সম্প্রতি বিচারপতিদের ছুটি নিয়ে গণমাধ্যমে ভুল তথ্য প্রচারের প্রেক্ষিতে এই নির্দেশনা দেওয়া হয়েছে।
সুপ্রিম কোর্ট সংক্রান্ত কোনো সংবাদ প্রকাশের ক্ষেত্রে বস্তুনিষ্ঠতা নিশ্চিত করার এবং বিভ্রান্তি এড়ানোর কড়া নির্দেশনা দেওয়া হয়েছে। সোমবার রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি জ্যেষ্ঠতা লঙ্ঘন বা বেঞ্চ না দেওয়ার অজুহাতে বিচারপতিদের ছুটিতে যাওয়ার যে খবর দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রচার করা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন ও অসত্য।
বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয় যে, আপিল বিভাগের বিচারপতি মো. আশফাকুল ইসলাম তার মায়ের অসুস্থতার কারণে এবং হাইকোর্ট বিভাগের বিচারপতি ফরিদ আহমেদ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি থাকায় ছুটিতে রয়েছেন। অথচ কিছু সংবাদমাধ্যম এই ব্যক্তিগত কারণকে ভিন্ন খাতে প্রবাহিত করে সংবাদ প্রচার করেছে, যা সুপ্রিম কোর্টের মর্যাদা ও ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে।
সুপ্রিম কোর্ট প্রশাসন জানিয়েছে, এ ধরনের মিথ্যা তথ্য পরিবেশন আদালত অবমাননার শামিল। ভবিষ্যতে উচ্চ আদালত সংক্রান্ত কোনো সংবাদ প্রচারের আগে সুপ্রিম কোর্টের মিডিয়া ফোকাল পার্সন বা রেজিস্ট্রার জেনারেলের কার্যালয় থেকে তথ্যের সত্যতা যাচাই করার জন্য গণমাধ্যমকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও সতর্ক করা হয় যে, ভবিষ্যতে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান বিভ্রান্তিকর তথ্য প্রচার করলে তাকে কঠোর আইনানুগ দায়ভার গ্রহণ করতে হবে।