ভারতের রাজধানী নয়াদিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে ভয়াবহ বিস্ফোরণের ঘটনার জেরে নিজেদের নাগরিকদের জন্য ভ্রমণ সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। মঙ্গলবার (১১ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, মার্কিন দূতাবাস তাদের নাগরিকদের লালকেল্লা ও চাঁদনি চকের আশপাশের এলাকা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে এবং যুক্তরাজ্য সরকার ভারত-পাকিস্তান সীমান্ত এবং জাতিগত সহিংসতার কারণে মণিপুর ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে। উভয় দেশই তাদের নাগরিকদের সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।
নয়াদিল্লিতে বিস্ফোরণের পর নাগরিকদের নিরাপত্তার স্বার্থে ভারত ভ্রমণে সতর্কতা জারি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য।
মার্কিন দূতাবাস এক নিরাপত্তা বার্তায় দিল্লিতে অবস্থানরত তাদের নাগরিকদের লালকেল্লা ও চাঁদনি চকের আশপাশের এলাকা এড়িয়ে চলতে বলেছে। এছাড়া বড় জনসমাগম স্থান এড়িয়ে চলা, স্থানীয় সংবাদমাধ্যমে হালনাগাদ পরিস্থিতি পর্যবেক্ষণ করা এবং আশপাশের ঘটনাবলী সম্পর্কে সচেতন থাকতে পরামর্শ দেওয়া হয়েছে। বিস্ফোরণের কারণ পরিষ্কার না হলেও ভারত সরকার কয়েকটি রাজ্যে উচ্চ সতর্কতা জারি করেছে। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।
বিস্ফোরণের ঘটনার পর যুক্তরাজ্য সরকারও কয়েকটি অঞ্চলে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে। দেশটির পররাষ্ট্র দপ্তর (এফসিডিও) ভারত-পাকিস্তান সীমান্ত থেকে ১০ কিলোমিটারের মধ্যে সব ধরনের ভ্রমণ থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে। মূলত সীমান্ত এলাকায় সম্ভাব্য সশস্ত্র সংঘাতের আশঙ্কায় এই সতর্কতা।
একইসঙ্গে ভারতশাসিত জম্মু ও কাশ্মিরের কেন্দ্রশাসিত অঞ্চল (পেহেলগাম, গুলমার্গ, শ্রীনগর শহর) ভ্রমণ থেকেও বিরত থাকতে বলা হয়েছে। মণিপুর রাজ্যে, বিশেষ করে রাজধানী ইম্ফলে, জরুরি প্রয়োজন ছাড়া ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে যুক্তরাজ্য। সেখানে জাতিগত সহিংসতা এবং নতুন করে সংঘর্ষের খবর পাওয়ার পরই এই পদক্ষেপ নেওয়া হয়।
এদিকে দিল্লি পুলিশ জানিয়েছে, বিস্ফোরিত হওয়া গাড়িটিতে তিনজন যাত্রী ছিলেন। ঘটনাস্থলে পাওয়া তথ্যের ভিত্তিতে এটি আত্মঘাতী হামলা ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তকারীরা জানিয়েছেন, আহতদের শরীরে ছিদ্র বা গুলির চিহ্ন পাওয়া যায়নি, যা এ ধরনের বিস্ফোরণের ক্ষেত্রে অস্বাভাবিক। তদন্তের সব দিক বিবেচনা করা হচ্ছে।