ইসরায়েলের দক্ষিণাঞ্চলে ৪.২ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দক্ষিণ ইসরায়েলের ডিমোনা শহরের কাছে সৃষ্ট এই কম্পনে বাসিন্দাদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। লোহিত সাগর ও নেগেভ মরুভূমি সংলগ্ন এলাকায় সতর্কতা জারি করা হলেও এখন পর্যন্ত কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
জেরুজালেম পোস্টের তথ্যমতে, ইউরোপিয়ান-মেডিটেরানিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) ভূমিকম্পের তীব্রতা ৪.২ হিসেবে নিশ্চিত করেছে। কম্পন অনুভূত হওয়ার পরপরই ইসরায়েলের হোম ফ্রন্ট কমান্ড লোহিত সাগর তীরবর্তী অঞ্চলগুলোতে জরুরি সতর্কতা জারি করে।
দেশটির জরুরি সেবা সংস্থা ‘ম্যাগেন ডেভিড আদম’ (এমডিএ) জানিয়েছে, তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। তবে ভূমিকম্পের উৎপত্তিস্থল মরুভূমি অঞ্চলের কাছাকাছি হওয়ায় জনবসতিতে প্রাণহানি বা ভবন ধসের মতো ঘটনা ঘটেনি। কর্তৃপক্ষ স্থানীয়দের শান্ত থাকার এবং পরবর্তী নির্দেশনা মেনে চলার পরামর্শ দিয়েছে।