নিজস্ব প্রতিবেদক: সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের চাকুরিতে প্রবেশের সময় সহকারী শিক্ষক পদটি বিসিএস ক্যাডারভুক্ত করাসহ চার দফা দাবিতে আগামীকাল সোমবার (১ ডিসেম্বর) থেকে পূর্ণ দিবস কর্মবিরতিতে যাচ্ছেন শিক্ষকেরা। কর্মবিরতির অংশ হিসেবে তারা চলমান বার্ষিক পরীক্ষাও বন্ধ রাখবেন বলে হুমকি দিয়েছেন। গত ২৪ নভেম্বর থেকে বার্ষিক পরীক্ষা শুরু হয়েছে, যা আগামীকাল সোমবার থেকে বন্ধের পথে।

শনিবার (২৯ নভেম্বর) বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির ব্যানারে এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে। সমিতির একজন শিক্ষক নেতা আজ গণমাধ্যমকে বলেছেন, সরকার যদি তাদের দাবি পূরণ করে তাহলে সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবার অবশিষ্ট পরীক্ষাগুলো নেবেন এবং ডিসেম্বরের মধ্যে ফলাফল প্রকাশ করবেন। কিন্তু দাবি পূরণ না হলে কর্মবিরতি চলবে। পরীক্ষাও বন্ধ থাকবে।
এদিকে চলমান পরীক্ষা বন্ধ হবার আশঙ্খায় উদ্বেগ প্রকাশ করেছেন অভিবাবকসহ ছাত্র-ছাত্রীরা।

মাধ্যমিক শিক্ষকদের চারটি দাবি হলো—এক. সহকারী শিক্ষক পদকে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারভুক্ত করে ‘মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর’ এর গেজেট প্রকাশ। দুই. বিদ্যালয় ও পরিদর্শন শাখায় কর্মরত শিক্ষকদের বিভিন্ন শূন্য পদে নিয়োগ, পদোন্নতি ও পদায়ন দ্রুত কার্যকর করা। তিন. সুপ্রিম কোর্টের রায়ের আলোকে বকেয়া টাইমস্কেল ও সিলেকশন গ্রেডের মঞ্জুরি আদেশ দেওয়া। চার. ২০১৫ সালের আগের মতো সহকারী শিক্ষকদের ২ থেকে ৩টি ইনক্রিমেন্টসহ অগ্রিম বর্ধিত বেতন–সুবিধা বহাল করে গেজেট প্রকাশ।
এ বিষয়ে সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দীর্ঘদিনের পেশাগত মর্যাদা ও বেতন-ভাতা সংক্রান্ত চার দফা দাবির বিষয়ে আজ রবিবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সামনে শিক্ষকেরা দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেছেন। কিন্তু দাবিগুলো না মানায় আগামীকাল সোমবার থেকে লাগাতার কর্মবিরতিতে যাচ্ছেন।
আবার প্রাথমিক শিক্ষকদের একাংশের বার্ষিক পরীক্ষা বর্জনের হুমকি, আরেকাংশ পরীক্ষা নেবেন বলে জানিয়েছেন।