নির্বাচন নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই, বরং এটি একটি আনন্দমুখর উৎসবে পরিণত হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আদিলুর রহমান খান।
শনিবার (১০ জানুয়ারি) সকালে সিলেটে সাংবাদিকদের তিনি বলেন, আসন্ন গণভোটের মাধ্যমেই ছাত্র-জনতার দেওয়া 'জুলাই সনদ' বাস্তবায়িত হবে এবং দেশ আগামী শত বছরের জন্য একটি নতুন পথরেখা পাবে।
সিলেটের কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনাল পরিদর্শনকালে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন উপদেষ্টা আদিলুর রহমান খান। তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে যারা নির্বাচনে অংশ নিচ্ছেন, তাদের জয়ী হওয়া দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে গণভোটে 'হ্যাঁ' জয়যুক্ত করার মাধ্যমে বিপ্লবের স্বপ্নগুলো প্রাতিষ্ঠানিক রূপ পাবে।
রাজনৈতিক দলগুলোর 'লেভেল প্লেয়িং ফিল্ড' সংক্রান্ত অভিযোগের বিষয়ে উপদেষ্টা জানান, এটি সম্পূর্ণ নির্বাচন কমিশনের এখতিয়ার। তবে কমিশন সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করেছে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। পরিদর্শনকালে তিনি টার্মিনালের অবকাঠামো ও যাত্রীসেবার বিভিন্ন সমস্যা পর্যবেক্ষণ করেন এবং দ্রুত সমাধানের আশ্বাস দেন।