আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের জন্য লটারির মাধ্যমে ৬৪ জেলার পুলিশ সুপার (এসপি) চূড়ান্ত করেছে সরকার।
সোমবার (২৪ নভেম্বর) প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় এই লটারি অনুষ্ঠিত হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, শিগগিরই প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁদের জেলাওয়ারি পদায়ন করা হবে। এই লটারিতে ভারপ্রাপ্ত আইজিপিসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জানা যায়, এসপি নির্বাচনের ক্ষেত্রে প্রথমেই অতীতে এসপি হিসেবে দায়িত্ব পালন করেছেন এমন কর্মকর্তাদের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছিল। এরপর পুলিশ ক্যাডারের নির্দিষ্ট কয়েকটি ব্যাচের (২৫, ২৭ ও ২৮তম ব্যাচ) কর্মকর্তাদের মধ্য থেকে যাচাই-বাছাই করে একটি ‘ফিট লিস্ট’ প্রস্তুত করা হয়। সেই তালিকায় থাকা কর্মকর্তাদের মধ্য থেকে ম্যানুয়াল লটারির মাধ্যমে ৬৪ জনকে নির্বাচন করা হয়েছে।
জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে যোগ্য কর্মকর্তাদের তালিকা কমিটির হাতে দেওয়া হয়েছিল এবং প্রধান উপদেষ্টার নির্দেশ অনুযায়ী লটারির মাধ্যমে জেলাওয়ারি পদায়ন চূড়ান্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়। এই প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচিত কর্মকর্তাদের পর্যায়ক্রমে বিভিন্ন জেলায় পাঠানো হবে।