সরাইলে শহীদ মিনারে হামলার শিকার হওয়ার পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, দীর্ঘ ১৭ বছর পর ক্ষমতায় আসা বিএনপি যদি স্থানীয় পর্যায়ে উশৃঙ্খল নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করতে না পারে, তবে এর ফলাফল দলের জন্য শুভ হবে না। একই সঙ্গে তিনি এই হামলাকে পরাজয়ের গ্লানি থেকে করা ‘পরিকল্পিত আক্রমণ’ হিসেবে অভিহিত করেছেন।
একুশের প্রথম প্রহরে সরাইল শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণে বাধা ও হামলার পর নিজ বাড়িতে সাংবাদিকদের মুখোমুখি হন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি অভিযোগ করেন, ‘ওয়ারেন্ট অব প্রিসিডেন্স’ অনুযায়ী তাঁর আগে ফুল দেওয়ার কথা থাকলেও স্থানীয় বিএনপির একটি পক্ষ গুণ্ডামি করে তাঁকে প্রতিহত করেছে।
রুমিন ফারহানা বলেন, “দীর্ঘ ১৫ বছর চাপের মুখে থাকা নেতাকর্মীরা এখন হিংস্রতা নিয়ে পদের অপব্যবহার করছে। এখনই দলের উচ্চপর্যায় থেকে এদের মনিটর করা এবং দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া জরুরি। অন্যথায় সরকারের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ণ হবে।” তিনি আরও জানান, নির্বাচনে কোটি কোটি টাকা খরচ করেও হারানো এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে তাঁর জয়ী হওয়াটা একটি পক্ষ মেনে নিতে পারছে না বলেই এই হামলা চালিয়েছে।
হামলার নেতৃত্বে থাকা সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের দিকে ইঙ্গিত করে রুমিন বলেন, এটি একটি সুপরিকল্পিত হামলা। তাকে ও তার সমর্থকদের ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার চেষ্টা করা হয়েছে এবং পুষ্পস্তবক ছিঁড়ে ফেলা হয়েছে। এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করে তিনি বিএনপি সরকারকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। উল্লেখ্য, এই উত্তেজনাকর পরিস্থিতির জেরে এলাকায় রাজনৈতিক অস্থিরতা বিরাজ করছে।