আজ (২৪ জানুয়ারি) দুপুরে গুলশানের শাহাবুদ্দিন পার্কে তরুণদের সঙ্গে এক বিশেষ মতবিনিময় সভায় অংশ নিচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ও ব্যারিস্টার জাইমা রহমান। ‘আমার ভাবনায় বাংলাদেশ’ প্রতিযোগিতার বিজয়ীদের সঙ্গে আগামীর রাষ্ট্র গঠন নিয়ে আলোচনা করবেন তারা।
আজ শনিবার (২৪ জানুয়ারি) দুপুর ২টায় গুলশানে ‘মিট অ্যান্ড গ্রিট উইথ তারেক রহমান’ অনুষ্ঠানে তরুণ প্রজন্মের সঙ্গে মতবিনিময় করবেন বিএনপির শীর্ষ নেতৃত্ব। এই আয়োজনে তারেক রহমানের সঙ্গে থাকছেন তাঁর কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। রাষ্ট্র সংস্কারে তরুণদের নতুন সব ভাবনাকে প্রাধান্য দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
বিএনপির আয়োজিত এক মিনিটের ভিডিও (রিল) মেকিং প্রতিযোগিতায় অংশ নেওয়া আড়াই হাজার প্রতিযোগীর মধ্যে সেরা ১০ জনের সঙ্গে আজ সরাসরি কথা বলবেন তারেক ও জাইমা রহমান। ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মতো বিষয়গুলো নিয়ে তরুণদের সৃজনশীল প্রস্তাবগুলো যাচাই করে এই বিজয়ীদের নির্বাচন করা হয়েছে।
নাগরিকদের নির্বাচনী অভিযোগ ও পরামর্শ সরাসরি শুনতে বিএনপি '১৬৫৪৩' নম্বরের ইলেকশন হটলাইন এবং একটি হোয়াটসঅ্যাপ নম্বর চালু করেছে। এর মাধ্যমে যে কেউ নির্বাচন সংক্রান্ত তথ্য জানতে বা মতামত প্রদান করতে পারছেন। স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিতে এই ডিজিটাল প্ল্যাটফর্মগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছে দলটি।