চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ) আসনে নির্বাচনী প্রচারণার শেষ মুহূর্তে বিপুল পরিমাণ নগদ টাকাসহ একটি মাইক্রোবাস জব্দ করেছে সেনাবাহিনী।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) গভীর রাতে উপজেলার আবদুল বারিহাট এলাকায় অভিযান চালিয়ে ১০ লাখ ৪৯ হাজার টাকা উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে জানা গেছে, এই অর্থ ওই আসনের একজন স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী কাজে ব্যবহারের জন্য নেওয়া হচ্ছিল।
সেনাবাহিনী ও পুলিশ সূত্রে জানা গেছে, রাত দেড়টার দিকে সেনাবাহিনী জব্দকৃত টাকা ও মাইক্রোবাসটি চন্দনাইশ থানায় হস্তান্তর করে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, সেনাসদস্যরা গাড়িটি ঘিরে রেখেছেন এবং ভেতরে থাকা এক ব্যক্তি টাকা গুনছেন। চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াছ খান জানিয়েছেন, জব্দকৃত টাকাগুলো একজন স্বতন্ত্র প্রার্থীর বলে তথ্য পাওয়া গেছে।
ভোটের মাত্র একদিন আগে এই বিশাল অংকের অর্থ বহনের মাধ্যমে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হয়েছে কি না, তা যাচাই করা হচ্ছে। পুরো বিষয়টি এখন নির্বাচনী ট্রাইব্যুনালের অধীনে রয়েছে এবং তাদের নির্দেশনার আলোকেই পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে। নির্বাচনের আগে ভোটারদের প্রভাবিত করতে এই 'কালো টাকা' ছড়ানো হচ্ছিল কি না, তা নিয়েও তদন্ত চলছে।