নিজস্ব প্রতিনিধি: নীলফামারীর জলঢাকায় মমিনুর রহমান (১৬) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৮ মার্চ) সকাল ১০টার দিকে উপজেলার কাঁঠালী ইউনিয়নের একটি ধানক্ষেত থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। মমিনুর বগুলাগাড়ি ডাঙ্গাপাড়া এলাকার আলমগীর হোসেনের ছেলে। স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কাঁঠালী ইউনিয়নের হামিদুল মেম্বারের বাড়ির পাশের একটি ধানক্ষেতে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে জলঢাকা থানা পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে। জলঢাকা থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল আলম জানান, মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।
রাশেদুল ইসলাম/রাজধানী