আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)-এর চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু তাঁর নির্বাচনী এলাকা ফেনীতে আনুষ্ঠানিকভাবে গণসংযোগ শুরু করেছেন।
শনিবার (২৯ নভেম্বর) সকালে নিজ নির্বাচনী এলাকা শর্শদী বাজারে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চান এবং জোট গঠনসহ নির্বাচনী পরিস্থিতি নিয়ে কথা বলেন। মঞ্জু প্রতিশ্রুতি দেন, নির্বাচিত হলে তিনি উন্নয়ন বঞ্চিত ফেনীতে মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় স্থাপনসহ স্থানীয় সমস্যা সমাধানে কাজ করবেন।
সকালে শর্শদী বাজারে নির্বাচনী গণসংযোগকালে মজিবুর রহমান মঞ্জু বলেন, খালেদা জিয়া খুবই অসুস্থ, আমি ডাক্তারদের সাথে কথা বলেছি। তার অর্গানগুলো ফেইল করে যাচ্ছে। তার সুস্থতায় দেশবাসীর কাছে দোয়া চাই।
তিনি জানান, তিনি তাঁর নিজ এলাকা শর্শদী বাজার থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী গণসংযোগ শুরু করেছেন এবং মানুষের ভালো সাড়া পাচ্ছেন। রাজনীতিকে নতুন ভাবে দাঁড় করিয়ে ফেনীর উন্নয়ন করাই তাঁর লক্ষ্য। তিনি অভিযোগ করেন, ফেনী সবসময় উন্নয়ন বঞ্চিত ছিল, এখানে মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় হওয়ার কথা ছিল, যা হয়নি। তিনি এগুলো নিয়ে কাজ করতে চান।
জোট গঠন প্রসঙ্গে মঞ্জু বলেন, জোটের বিষয়ে আমরা চেষ্টা করছি, জোট হলেও ভালো, তবে না হলেও জনগণের কাছে যে অঙ্গীকার, সেটি নিয়ে কাজ করে যাব।
এদিন সকালে মঞ্জু শর্শদী বাজারে ব্যবসায়ীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং লিফলেট বিতরণ করেন। বিকালে তিনি ফেনী শহরে আনুষ্ঠানিক ভাবে নির্বাচনী প্রচার প্রচারণা শুরু করেন। শহরের বড় মসজিদ রোড থেকে শুরু করে বড় বাজার ও তার আশেপাশের দোকান এবং মিজান রোড অব্দি নির্বাচনী লিফলেট বিতরণ করেন। এছাড়া তিনি বড় বাজারে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত দোকানও পরিদর্শন করেন।
গণসংযোগকালে এবি পার্টির ফেনী জেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফলাতুন বাকীর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতা বারকাজ নাসির আহমাদ, তোফাজ্জল হোসেন রমিজ, জেলা যুগ্ম সদস্য সচিব মামুন আনসারী, নজরুল ইসলাম কামরুল, প্রচার ও মিডিয়া সম্পাদক সাংবাদিক হাবীব মিয়াজী, যুব পার্টির সদস্য সচিব ইব্রাহিম সোহাগ, ইউনিয়ন সভাপতি মোস্তাফিজ পারভেজ প্রমুখ।
আলাউদ্দিন সবুজ/রাজধানী