ভোট দিতে গিয়ে ভোটকেন্দ্রেই সন্তান জন্ম দিয়ে দেশজুড়ে চাঞ্চল্য সৃষ্টি করেছেন সিরাজগঞ্জের আম্বিয়া বেগম।
গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন রায়গঞ্জ উপজেলার বেংনাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই ঘটনা ঘটে। বিএনপি ও দলীয় নেত্রীর প্রতি ভালোবাসা থেকে পরিবারটি নবজাতক কন্যা সন্তানের নাম রেখেছে ‘বেগম খালেদা জিয়া’।
সিরাজগঞ্জের পাঙ্গাসী ইউনিয়নের বেংনাই গ্রামের শরিফুল ইসলামের স্ত্রী আম্বিয়া বেগম প্রসব বেদনা উপেক্ষা করেই ভোট দিতে কেন্দ্রে গিয়েছিলেন। লাইনে দাঁড়ানোর পর হঠাৎ ব্যথা তীব্র হলে স্থানীয় নারীদের সহায়তায় কেন্দ্রের একটি কক্ষেই তিনি সন্তান প্রসব করেন। দলীয় আনুগত্য ও নেত্রীর প্রতি শ্রদ্ধা থেকে শিশুটির পূর্ণ নাম রাখা হয় বেগম খালেদা জিয়া, আর ডাকনাম রাখা হয়েছে ‘ত্রয়ী’।
ঘটনাটি জানাজানি হলে সিরাজগঞ্জ জেলা প্রশাসন বিশেষ উদ্যোগ নেয়। রোববার বিকেলে জেলা প্রশাসক আমিনুল ইসলাম সশরীরে ওই বাড়িতে গিয়ে নবজাতককে উপহার সামগ্রী, পোশাক ও নগদ অর্থ প্রদান করেন। প্রশাসনের পক্ষ থেকে শিশুটির বিশেষ জন্মনিবন্ধনও সম্পন্ন করা হয়েছে। মা ও শিশু দুজনেই বর্তমানে সুস্থ আছেন। নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে একজন গর্ভবতী মা ভোটকেন্দ্রে আসায় জেলা প্রশাসনের পক্ষ থেকে এই পরিবারটিকে সাধুবাদ জানানো হয়েছে।